১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সড়ক ও রেললাইনের আশপাশে পশুর হাট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বড় পশুর বাজারগুলোতে পুলিশের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার এবং সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি।

সড়ক ও রেললাইনের আশপাশে পশুর হাট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2026, 02:15 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আসন্ন ঈদুল আযহার সময় রাজধানীর সড়ক ও রেললাইনের আশপাশে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না।

বুধবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ দিনের প্রথম অধিবেশন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়ক ও রেললাইনের আশেপাশে পশুর হাট বসানো বন্ধ থাকবে। একইসঙ্গে পশুর হাটে জাল নোট শনাক্তে প্রয়োজনীয় মেশিন স্থাপন করা হবে। বড় পশুর বাজারগুলোতে পুলিশের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার এবং সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হবে।

"ঢাকার ট্যানারিগুলোর সীমিত ধারণক্ষমতা বিবেচনায় রেখে গ্রাম ও উপজেলা পর্যায়ে চামড়া সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য চামড়া অন্তত সাত দিন লবণ দিয়ে সংরক্ষণ করতে হবে এবং সরকার বিনামূল্যে লবণ সরবরাহ করবে, যাতে পরে তা ঢাকায় আনা যায়।"

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, মাদক, চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। 

“প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে পরিচালিত অনলাইন জুয়ার অ্যাপ ও ওয়েবসাইট বন্ধে নতুন আইন প্রণয়নের কাজ চলছে। ইতোমধ্যে বেশ কিছু সাইট ব্লক করার প্রক্রিয়াও চলমান।"

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তের পরিস্থিতি অবনতির কোনো আশঙ্কা তিনি দেখছেন না। 

তারপরও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ‘সর্বোচ্চ সতর্ক অবস্থানে’ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "৫ অগাস্টের পর হত্যা মামলায় সাংবাদিকদের আসামি করার বিষয়টি সরকার যাচাই-বাছাই করছে। এ বিষয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে।"