১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

৪৪তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করার দাবি

তারা বলছেন, চূড়ান্ত ফল প্রকাশের দুই মাস ১৬ দিন পরও নিয়োগ কার্যক্রম শুরু হয়নি, ফলে চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2025, 07:43 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

চুয়াল্লিশতম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করার দাবি জানিয়েছেন প্রার্থীদের একাংশ। 

তারা বলছেন, চূড়ান্ত ফল প্রকাশের দুই মাস ১৬ দিন পরও নিয়োগ কার্যক্রম শুরু হয়নি, ফলে চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে মানববন্ধন করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছেন এই চাকরিপ্রার্থীরা।  

মানববন্ধনে অংশ নেওয়া ৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মো. ফারুক খান বলেন, “২০২১ সালের নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশের ৩ বছর ৭ মাস পর চলতি বছরের ৩০ জুন চূড়ান্ত ফল প্রকাশিত হয়। কিন্তু এখনও গেজেট প্রকাশসহ পরবর্তী কার্যক্রম শুরু হয়নি। অথচ একই সময়ে ৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে। এতে ৪৪তম বিসিএসে উত্তীর্ণ প্রার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন।

“৪৪তম বিসিএসের ফলে প্রায় ৩৭২ জন রিপিট ক্যাডার থাকায় সংশোধনের উদ্যোগ নেওয়া হলেও তা দীর্ঘসূত্রতায় পড়েছে। সচিব কমিটির অনুমোদনের পরও বিপিএসসির মতামতের জন্য নথি আটকে আছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) এখনও সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নথি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায়নি।” 

মানববন্ধনে প্রার্থীরা তিন দফা দাবি জানান। তাদের দাবিগুলো হলো–

>> ৪৪তম বিসিএসে সুপরিশপ্রাপ্ত প্রার্থীদের নথি ‘অযৌক্তিকভাবে’ ২ মাস ১৬ দিন স্থগিত রাখার সুস্পষ্ট কারণ জানানো। 

>> অনতিবিলম্বে বিধি সংশোধনের লক্ষ্যে সচিব কমিটির সভায় অনুমোদনকৃত নথি জনপ্রশাসন মন্ত্রণালয়ে দ্রুততম সময়ে পাঠাতে হবে।

>> অনতিবিলম্বে ৪৪তম বিসিএসে পুনঃফলাফলের তারিখ ঘোষণা করতে হবে। রোডম্যাপ অনুযায়ী ৩০ জুন ফল প্রকাশের কথা, কিন্তু পুনঃফলাফলের অজুহাতে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়নি।