কাজলায় সড়কে পড়েছিল যুবকের রক্তাক্ত মরদেহ
“মোবাইল নিয়ে ঝামেলার জেরে এ খুন বলে তার পরিবার জানিয়েছে,“ বলেন এসআই অতনু।
ঢাকার যাত্রাবাড়ী থানার কাজলা আবাসিক এলাকায় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ভোরে সুপারশপ ‘স্বপ্ন’র সামনে থেকে রাব্বী নামের ২৬ বছর বয়সি ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থলে যাত্রাবাড়ী থানার এসআই অতনু দে বলেন, “ভোরে খবর পেয়ে আমরা এখানে আসি। মোবাইল নিয়ে ঝামেলার জেরে এ খুন বলে তার পরিবার জানিয়েছে।”
ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে সিআইডির ক্রাইমসিন।
রাব্বির ভাগ্নি সুবর্ণা বলেন, “সকাল সাড়ে ৭টার দিকে পরিচিত একজন বাসায় গিয়ে খবর দেয়। আমরা এসে মামার লাশ দেখতে পাই।”
রাব্বী যাত্রাবাড়ীতে বাবার সঙ্গে নিজেদের মাছের আড়তে কাজ করতেন বলে জানান সুবর্ণা।
নিহতের আরেক ভাগ্নি সূচনা জানান, শনিরআখড়ার গোবিন্দপপুর এলাকায় তিন মাসের বাচ্চা ও স্ত্রীকে নিয়ে থাকতেন রাব্বী।
