১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কামালের গাড়িসহ ১৯০ শতাংশ জমি জব্দের আদেশ

এসব জমির অবস্থান ঢাকার আশুলিয়া, দোহার ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2025, 05:59 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দুটি গাড়িসহ ১৯০ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছে আদালত।

দুদকের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আখতারুল ইসলাম বলেন, এসব জমির অবস্থান ঢাকার আশুলিয়া, দোহার ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে। জমির মূল্য ৩ কোটি ১৮ লাখ ১৪ হাজার ৭০০ টাকা। একটি গাড়ির মূল্য ৭৩ লাখ টাকা। আরেকটি গাড়ির মূল্য ৮৮ লাখ ২২ হাজার ৫২৮ টাকা, এই গাড়িটি ধানমন্ডি থানা পুলিশের হেফাজতে রয়েছে।

দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক আফরোজা হক খান জমি ও গাড়ি জব্দ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ‘অসাধু উপায়ে’ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৬ কোটি ৪১ লাখ ৫৭ হাজার ৫৭৪ টাকার সম্পদের মালিকানা অর্জন করে দখলে রাখা এবং আটটি ব্যাংক হিসাবে ‘সন্দেহজনকভাবে’ ৫৫ কোটি ৯২ লাখ ৪৪ হাজার ৪৩৬ টাকা লেনদেনের অভিযোগে দুদক মামলা করেছে।

তদন্তে দেখা গেছে, কামাল ‘অবৈধ পন্থায় অর্জিত’ সম্পদ অন্যত্র বিক্রয়/হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদস জব্দ করা প্রয়োজন। জব্দ করা না গেলে সম্পদ বিক্রি বা হস্তান্তর হয়ে যেতে পারে এবং বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।