১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিক্ষাবিদ-সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম 'লাইফ সাপোর্টে'

“কালকের (সোমবার) দিনটা পার হলে বোঝা যাবে। এখন 'ক্রিটিক্যাল' অবস্থায় আছেন,” চিকিৎসকের বরাতে বলেন অন্যপ্রকাশের মাজহারুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2025, 10:07 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন এমেরিটাস অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামকে ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) নেওয়া হয়েছে।

রোববার সন্ধ্যায় তার অবস্থা 'ক্রিটিক্যাল' হলে তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন 'অন্যপ্রকাশের’ প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।

হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার থেকে এ হাসপাতালে ভর্তি আছেন মনজুরুল ইসলাম।

হাসপাতালে ভর্তির পর থেকে তার চিকিৎসার নিয়মিত খোঁজখবর রাখা মাজহারুল ইসলাম চিকিৎসকের বরাতে বলেন, “স্যারকে সন্ধ্যা ৬টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। কালকের (সোমবার) দিনটা পার হলে বোঝা যাবে। এখন 'ক্রিটিক্যাল' অবস্থায় আছেন।"

এর আগে শুক্রবার বিকালে 'ম্যাসিভ হার্ট অ্যাটাক' হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক ও সাহিতিক মনজুরুলের। পরে তাকে নেওয়া হয় ল্যাবএইড হাসপাতালে।

সেখানে ভর্তির পর পরীক্ষা নিরীক্ষা শেষে রাতেই তার হার্টে অস্ত্রোপচার করে দুইটি রিং পরানো হয়। চিকিৎসক তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছিলেন।

মনজুরুল ইসলামকে লাইফ সাপোর্টে নেওয়ার তথ্য দিয়ে ল্যাবএইড হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সৈয়দ মনজুরুল ইসলাম গত পরশু (শুক্রবার) আমাদের হাসপাতালে ভর্তি হন। ওনার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। গতকাল তার অবস্থা ভালো ছিল। তবে গতকাল (শনিবার) রাত ৩টার দিকে ওনার অবস্থা আবার খারাপ হয়ে যায়। আজ (রোববার) বিকালের দিকে তিনি অক্সিজেন নিতে পারছিলেন না। এ অবস্থায় সন্ধ্যার আগে আগে উনাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।"

আগের খবর

শিক্ষাবিদ-সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামের হার্টে অস্ত্রোপচার