২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান তৃতীয় দিনে

শিক্ষকদের অবস্থান ও কর্মবিরতির মধ্যেই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।

শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান তৃতীয় দিনে
কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অবস্থান গড়িয়েছে তৃতীয় দিনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2025, 03:30 PM

Updated : 26 Aug 2026, 05:42 PM

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তৃতীয় দিনের মত অবস্থান কর্মসূচি পালন করছেন। 

এর পাশাপাশি সোমবার দ্বিতীয় দিনের মত কর্মবিরতি চলছে বেশ কিছু স্কুলে, আবার কিছু স্কুলে ক্লাস চলার খবরও মিলেছে। 

শিক্ষকদের অবস্থান ও কর্মবিরতির মধ্যেই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।

'প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ' নামে চারটি শিক্ষক সংগঠনের মোর্চার ব্যানারে সোমবার প্রাথমিকের সহকারী শিক্ষকরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় দিনের অবস্থান কর্মসূচি চালাচ্ছেন। 

সহকারী শিক্ষকরা দশম গ্রেডে বেতন ছাড়াও চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড পাওয়া নিয়ে জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা দেওয়ার দাবি জানাচ্ছেন। 

পরিষদের শিক্ষক নেতা মুহিব উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ন্যায্যতার ভিত্তিতেই আমরা এ তিন দাবি জানাচ্ছি। দাবি দাওয়া নিয়ে বিকালে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সভা হওয়ার কথা আছে।" 

শিক্ষকদের চার সংগঠন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ও সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ রয়েছে এই মোর্চায়।

এর আগে রোববার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন পরিষদের নেতারা। সভা শেষে তারা কর্মবিরতি স্থগিত করার ঘোষণা দিলেও কয়েক দফা সিদ্ধান্ত পরিবর্তনের পর মধ্যরাতে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। 

সোমবার দ্বিতীয় দিনের মত জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাউসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলেছে বলে জানিয়েছেন স্কুলটির শিক্ষক বিপ্লব হোসাইন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিন দফা পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।"

নাটোর সদর উপজেলার তেবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও কর্মবিরতি চলছে বলে জানিয়েছেন স্কুলটির সহকারী শিক্ষক প্রতিমা সরকার।

সুনামগঞ্জের দিরাই উপজেলার কল্যাণী সরকারী প্রাথমিক বিদ্যালয়েও কর্মবিরতি চালাচ্ছেন শিক্ষকরা, বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলটি সহকারী শিক্ষক আলিম হক। 

সোমবার দ্বিতীয় দিনের মত কর্মবিরতি চলে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

সোমবার দ্বিতীয় দিনের মত কর্মবিরতি চলে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

জামালপুর সদর উপজেলার রায়ের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পটুয়াখালীর বাউফল উপজেলার পূর্ব সাগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চট্টগ্রামে সন্দীপ উপজেলার সাতঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও দ্বিতীয় দিনের কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। 

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলের পশ্চিম শ্রীফলকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়ি দাতিনাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বুড়ি গোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেসব স্কুলে যথারীতি ক্লাস চলেছে। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ স্কুলগুলোর শিক্ষার মান দেখে উপদেষ্টা ‘সন্তোষ’ প্রকাশ করেন। 

“পরিদর্শনকালে উপদেষ্টা শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বলেন। এসময় তিনি এ অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ দেন। এছাড়া, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানোন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান।”

মন্ত্রণালয় বলছে, শিক্ষক স্বল্পতার কারণে যেন বিদ্যালয়ের পাঠদান ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য যেসব বিদ্যালয়ে শিক্ষকের ঘাটতি রয়েছে তা দ্রুত পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। এছাড়া চলমান উন্নয়ন কার্যক্রমগুলো দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মিরাজুল ইসলাম উকিল, খুলনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. শফিকুল ইসলাম, শ্যামনগরের উপজেলা নির্বাহী অফিসার দিদারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন। 

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দাবিতে শনিবার সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। সেদিন বিকালে তারা 'কলম বিরতি কর্মসূচি' পালনে মিছিল নিয়ে শাহাবাগের দিকে এগিয়ে যাওয়া চেষ্টা করলে শাহবাগ থানার সামনে তাদের আটকে দেয় পুলিশ।

এসময় পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান, লাঠি চার্জ, কাঁদুনে গ্যাসে শিক্ষকদের কর্মসূচি পণ্ড হয়ে যায়। দেড় শতাধিক শিক্ষক আহত হওয়ার পাশাপাশি ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

সোমবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।

সোমবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।

পুলিশের দাবি, আন্দোলনকারীদের একটি দল ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় পার হয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে ‘রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার স্বার্থে’ পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশের বাধার মুখে শহীদ মিনারে ফিরে এসে রোববার থেকে কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেন শিক্ষকরা। শনিবার মধ্যরাতে মোমবাতি জ্বালিয়ে তারা 'পুলিশের হামলার' নিন্দা ও প্রতিবাদ জানান।

এদিকে একাদশ গ্রেডে বেতনসহ, পদোন্নতি ও উচ্চতর গ্রেড জটিলতা নিরসনের দাবিতে সরকারকে আল্টিমেটাম দেওয়া শিক্ষক সংগঠনগুলোর মোর্চা 'প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের' নেতারাও 'প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের' সঙ্গে একাত্মতা ঘোষণা করে আন্দোলনে যোগ দিয়েছেন।