Published : 09 Jul 2025, 09:39 PM
দেশের পক্ষাঘাতগ্রস্ত ও স্নায়ুতন্ত্রের নানা রোগে আক্রান্ত রোগীদের পুনর্বাসনে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে দেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার।
সেজন্য চীন থেকে যন্ত্রপাতি এসেছে। বৃহস্পতিবার থেকে এসব যন্ত্রপাতি দিয়ে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। এরপর পুরোদমে কাজ শুরু করবে এই পুনর্বাসন কেন্দ্র।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই প্রকল্পের কাজ অনেক আগেই শুরু হয়েছে। যন্ত্রপাতিগুলোও আগেই ইনস্টল হয়েছে। বৃহস্পতিবার ট্রায়াল বেসিসে কাজ শুরু করব। পাইলটিং হিসেবে ছোট স্কেলে কাজ হবে।
“এআই বেজড হলে যে লিমিটেশনগুলো আছে সেটা মাথায় রেখে সে (যন্ত্র) ফ্রিকোয়েন্সি, ইনটেনসিটি, ডিউরেশন বলে দেবে। সিমুলেশন ওয়াইজ তারা ফিজিওথেরাপি দিয়ে যাবে। একেকটা মেশিনের একেক ধরনের ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি। মোট কথা এই সেটআপ ফিজিওথেপারি দরকার এমন রোগীদের বেশ কাজে আসবে বলে আশা করি।”
বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের অফিসিয়াল ফেইসবুক পাতায় দেওয়া এক পোস্টে বলা হয়, চীনের কারিগরি সহায়তায় প্রতিষ্ঠিত এই পুনর্বাসন কেন্দ্র উন্নত বিশ্বের মানদণ্ডে গড়ে তোলা হয়েছে। এতে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ও সুনির্দিষ্ট পুনর্বাসন সেবা পাবেন রোগীরা।
চীন সরকার এই প্রকল্পে প্রায় ২০ কোটি টাকার রোবটিক যন্ত্রপাতি অনুদান হিসেবে দিয়েছে। সেন্টারে ৬২টি রোবট রয়েছে, যার মধ্যে ২২টি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন। এসব রোবটের মাধ্যমে রোগীর অবস্থা অনুযায়ী অত্যন্ত নিখুঁতভাবে ফিজিওথেরাপি, স্নায়ুবিক পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদি চিকিৎসাসেবা দেওয়া সম্ভব।
এই পুনর্বাসন কেন্দ্র চালুর পূর্বপ্রস্তুতি হিসেবে চীনের ৭ সদস্যের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের একটি বিশেষজ্ঞ দল বিএমইউর ২৭ জন চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টকে প্রশিক্ষণ দিয়েছে।
রোবটিক সেন্টার পক্ষাঘাত, স্নায়ুবিক বৈকল্য, দীর্ঘমেয়াদি ব্যথা, নার্ভ ইনজুরি, ফ্রোজেন শোল্ডার, দুর্ঘটনাজনিত জটিলতা বা শরীরের অঙ্গের দুর্বলতাসহ জটিল পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের উপকারে আসবে।
বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন এবং এখনও দীর্ঘমেয়াদি সমস্যায় ভুগছেন, তাদের এই সেন্টারে বিনামূল্যে রোবটিক চিকিৎসা সেবা দেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।