২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহ এবার রিমান্ডে

তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2025, 03:02 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

কার্যক্রমে নিষিদ্ধে থাকা আওয়ামী লীগের মিছিলে ‘অর্থায়নের অভিযোগে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহ শিশিরকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। 

তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হয়ে রেজিস্ট্রার লাভলু কারাগারে যান গত ১৮ নভেম্বর।

কারাগারে যাওয়ার আগের রাতে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার প্রাণদণ্ডের রায়ের পর লাভলু তার ফেইসবুক প্রোফাইলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ছবিযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করেন। সেখানে লেখা ছিল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আই ডোন্ট কেয়ার’।

এরপর মধ্যরাতে কিছু শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তার বাসায় যান। লাভলু মোল্লাহর ওই পোস্ট নিয়ে সেখানে ‘উত্তেজনা’ সৃষ্টি হলে ওই রাতেই তাকে হেফাজতে নেওয়া হয়।

গ্রেপ্তারের পর লাভলুকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। লাভলু মোল্লাহর পক্ষে তার আইনজীবী জি.এম কাওসার-উল ইসলাম সোহেলসহ কয়েকজন জামিন চেয়ে আবেদন। সেদিন শুনানি নিয়ে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরপর গত ২ ডিসেম্বর তার সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই আলামিন।

আবেদনে বলা হয়, “এ আসামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আক্তারুজ্জামানের পিএস হিসেবে কর্মরত ছিল। শাহবাগ থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল এবং ককটেল বিস্ফোরণ ঘটানোর জন্য অর্থ দিয়ে সহায়তা করে আসছে মর্মে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। 

“মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার ঘটনায় জড়িত অপরাপর পলাতক আসামিদের শনাক্তসহ গ্রেপ্তার এবং ঘটনার মূল রহস্য উদঘাটনের লক্ষ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার জন্য, জিজ্ঞাসাবাদের জন্য তার সাত দিনের রিমান্ড প্রয়োজন।”

প্রসিকিউশনের এসআই জিন্নাত আলী বলেন, আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য এ দিন ধার্য করেন। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষ থেকে আসামির রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করা হলেও,  তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আদালত শুনানি নিয়ে লাভলুর দিনের রিমান্ড দিয়েছেন।

লাভলুর বিরুদ্ধে করা মামলার বিবরণে বলা হয়েছে, গত ৩১ মে ভোর সাড়ে ৬টার শাহবাগের পরীবাগ এলাকায় কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করে। অন্তর্বতীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশে স্লোগান দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় ১ জুন শাহবাগ থানায় মামলা করেন এসআই কামাল উদ্দিন মিয়া।