গোলাম দস্তগীরের শেয়ার-ব্যাংক হিসাব অবরুদ্ধ, স্ত্রীসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
দুদকের পৃথক তিন আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ৯টি ব্যাংক হিসাব, ১২ প্রতিষ্ঠানের শেয়ার ও ২টি গাড়ি জব্দের আদেশ দিয়েছে আদালত।
পাশাপাশি সাবেক মন্ত্রী ও তার স্ত্রী তারাবো পৌরসভার সাবেক মেয়র হাসিনা গাজীর দেশত্যাগে নিষেধাজ্ঞা এসেছে।
দুদকের পৃথক তিন আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দস্তগীরের অবরুদ্ধ হওয়া এসব সম্পদের মূল্য ধরা হয়েছে ২৪ কোটি ৩১ লাখ ৭১ হাজার ২৩৬ টাকা।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ জানিয়েছেন, সংস্থার উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার এ তিনটি আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসামির বিরুদ্ধে মামলা তদন্তাধীন। তদন্তে উঠে এসেছে আসামি অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ সম্পদ স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছে। এ কারণে তার নামে থাকা শেয়ার, বিভিন্ন ব্যাংক হিসাব, গাড়ি অবরুদ্ধ করা প্রয়োজন।
গত বছরের ২৫ অগাস্টে ঢাকার শান্তিনগরের বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করে পুলিশ।
বীর প্রতীক খেতাবপ্রাপ্ত গোলাম দস্তগীর গাজী ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নারায়ণগঞ্জ-১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর টানা চারবার তিনি একই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০১৮ সালে তৃতীয় দফায় সংসদ সদস্য হওয়ার পর আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি।
