Published : 17 Aug 2026, 11:46 PM
দুবাই থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা একটি ফ্লাইটে বিদেশি সিগারেটের বিশাল চালান জব্দের পর একই দিনে আরও তিনটি ফ্লাইটে আসা ৩৪৯ কার্টন সিগারেট জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা।
সেইসঙ্গে এসব ফ্লাইটে আসা ৩৮০ কেজি নিষিদ্ধ ক্রিমও জব্দ করা হয়েছে বলে সোমবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) জানিয়েছে।
অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুবাই থেকে আসা ইকে৫৮২ ও ইকে৫৮৬ ফ্লাইটে অভিযান চালিয়ে তিন যাত্রীর কাছ থেকে ১৭০ কার্টন সিগারেট, নয় কেজি নিষিদ্ধ ক্রিম এবং এক লিটার বিদেশি মদ জব্দ করা হয়। শুল্ক-করসহ এসব পণ্যের মূল্য ৫২ লাখ ২৪ হাজার ৮৬০ টাকা।
দুবাই থেকে আসা বিজি১৪৮ ফ্লাইটেও অভিযানে বিভিন্ন যাত্রীর কাছ থেকে ১৭৯ কার্টন সিগারেট ও ৫২ কেজি নিষিদ্ধ ক্রিম পাওয়া যায়, শুল্ক-করসহ যার মূল্য ৬২ লাখ ২ হাজার ৩৬০ টাকা।
অন্যদিকে গোপন তথ্যে এদিন বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে অভিযান চালিয়ে ৩১৯ কেজি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়। এ চালানের মূল্য ৬৩ লাখ ৮০ হাজার টাকা।
এদিনই দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটে অভিযান চালিয়ে ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। শুল্ক-করসহ এর মূল্য প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।