০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

উত্তরাঞ্চলে বৃষ্টি ঝরবে চার দিন

বৃষ্টি হতে পারে বজ্রসহ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2026, 09:16 AM

Updated : 26 Aug 2026, 03:37 PM

দেশের উত্তরাঞ্চলে চার দিন মাঝারি থেকে ভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে অধিদপ্তরের ফেইসবুক পাতায় প্রকাশিত এক ভিডিও বার্তায় এ পূর্বাভাস দেন সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা। 

তিনি বলেন, “শুক্রবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ৫১ থেকে ৭৫ ভাগ এলাকাজুড়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

“এছাড়া রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২৫ থেকে ৫০ ভাগ এবং খুলনা ও বরিশাল বিভাগের ১ থেকে ২৫ ভাগ এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।”

২৪ ঘণ্টায় ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টিপাতকে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টিপাতকে মাঝারি ধরনের ভারি, ৪৪ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে তা ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে সেটিকে অতিভারি বৃষ্টি হিসেবে ধরা হয়।

শনি ও রোববার ময়মনসিংহ ও সিলেট বিভাগের ৫১ থেকে ৭৫ শতাংশ এলাকাজুড়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও ভিডিও বার্তায় জানানো হয়। 

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, “শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২৫ থেকে ৫০ ভাগ এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের ১ থেকে ২৫ ভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। 

“রোববার রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগ-এর ২৫–৫০ ভাগ এলাকায় এবং খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের ১ থেকে ২৫ ভাগ এলাকায় বৃষ্টি হতে পারে।”

এদিন রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ১ থেকে ২৫ ভাগ এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও ভিডিও বার্তায় পূর্বাভাস দেওয়া হয়েছে। 

সোমবার রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ২৫ থেকে ৫০ শতাংশ এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ১ থেকে ২৫ শতাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে জানিয়ে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, “দিনের তাপমাত্রা ৩০ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২২ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।”