Published : 02 Mar 2026, 01:20 PM
দুর্নীতির অভিযোগ থাকায় কৃষি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সৈয়দা আফরোজা বেগমের নামে মহাখালী ডিওএইচএসের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত।
দুদকের আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
২৭০০ স্কোয়ার ফিটের ওই ফ্ল্যাটটির দাম দেখানো হয়েছে চার কোটি ২০ লাখ টাকা। আফরোজা বেগম সাবেক সিনিয়র সচিব মহিবুল হকের স্ত্রী।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।
দুদকের পক্ষে কমিশনের উপপরিচালক তাহাসিন মুনাবিল হক ফ্ল্যাটটি জব্দ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, “মহিবুল হকের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারসহ নিজ ও পরিবারের অন্যানা সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য ছয় সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।”
অনুসন্ধানে পাওয়া তথ্য রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, মহিবুল হকের স্ত্রী সৈয়দা আফরোজা বেগমের নামে ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকায় ২ নং রোডের ১৯০ নং প্লটের উপর নির্মিত একটি ভবনে ২৭০০ স্কয়ার ফিট আয়তনের ফ্ল্যাট রয়েছে।
“এছাড়া আরও জানা গেছে, আফরোজা বেগম তার নামে অর্জিত স্থাবর সম্পত্তি অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে তার নামে থাকা স্থাবর সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানের ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ফ্ল্যাটটি জব্দের আবেদন প্রয়োজন।”