পেনশন কার্যক্রমে ‘অনলাইন ট্র্যাকিং’ হয়রানি কমাবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
“সরকারি অফিসে না গিয়ে অনলাইনে সেবা পাওয়া গেলে তা দুর্নীতি কমানোর কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করবে,” বলেন তিনি।
‘অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ (ওপিটিএমএস) পেনশনভোগীদের সময় ও হয়রানি কমাবে বলে মনে করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
তিনি বলেছেন, “এই ব্যবস্থা চালু হলে পেনশনভোগীরা ডিজিটাল পদ্ধতিতে আবেদন জমা, আবেদনের অগ্রগতি অনুসরণ এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনা করতে পারবেন। এতে সময় ও হয়রানি কমার পাশাপাশি সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।”
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার ‘অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ শিরোনামে কর্মশালায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পেনশন সংক্রান্ত কাজে প্রায়ই বিলম্ব, প্রক্রিয়াগত জটিলতা এবং অপ্রয়োজনীয় অফিস যাতায়াতের মুখোমুখি হন। ওপিটিএমএস পুরোপুরি চালু হলে তারা ঘরে বসেই অনলাইনে আবেদন করতে ও আবেদনের অগ্রগতি জানতে পারবেন। এর ফলে দ্রুততম সময়ে পেনশন প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হবে।
“সরকারি অফিসে না গিয়ে অনলাইনে সেবা পাওয়া গেলে তা দুর্নীতি কমানোর কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করবে।”
আব্দুল বারী বলেন, “বিদ্যমান বিধান অনুযায়ী ১৫ বছরের পুনঃস্থাপন মেয়াদ শেষ হওয়ার আগে কোনো পেনশনভোগী মারা গেলে তার পরিবার পেনশন পুনঃস্থাপনের সুবিধা পায় না। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি ন্যায্যতা নিশ্চিত করতে এ নীতি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।”
কর্মশালার বিষয়টি বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক, অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এবং হিসাব মহানিয়ন্ত্রক এস এম রেজভী কর্মশালায় উপস্থিত ছিলেন।
