Published : 12 Aug 2026, 05:52 PM
বৃষ্টিপাত বাড়ার কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় নদ-নদীগুলোর পানি ক্রমশ বাড়ছে। এর মধ্যে সিলেট ও হবিগঞ্জে দুটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
একই সময় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে; যা পরবর্তীতে আরো ঘনীভূত হতে পারে বলে তথ্য দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বুধবার কেন্দ্র থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৯টার তথ্য অনুযায়ী, কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার এবং খোয়াই নদী হবিগঞ্জের বাল্লা পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় মনু, ধলাই ও খোয়াই নদীর পানি বেড়েছে। এর মধ্যে খোয়াই নদীর পানি আগামী একদিন স্থিতিশীল থেকে পরবর্তী দুই দিন কমতে পারে। অন্যদিকে মনু ও ধলাই নদীর পানি আগামী একদিন বেড়ে পরবর্তী দুইদিন স্থিতিশীল থাকতে পারে। তবে সার্বিকভাবে সুরমা-কুশিয়ারা নদীর পানি কমছে, যা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে।
পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা ও সাঙ্গু নদীর পানিও বেড়েছে। তবে মাতামুহুরী নদীর পানি কমেছে। এসব নদীর পানি আগামী এক দিন বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে।
সতর্কীকরণ কেন্দ্র বলছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি কমেছে; যা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। তবে গঙ্গা-পদ্মা নদীর পানি বেড়েছে; যা অব্যাহত থাকতে পারে আগামী পাঁচ দিন। তবে এসব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হতে পারে।
বৃষ্টিপাত ও লঘুচাপের তথ্যে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা পরবর্তীতে আরও ঘনীভূত হতে পারে।
আবহাওয়া সংস্থাগুলোর তথ্যানুযায়ী, আগামী তিন দিন দেশের অভ্যন্তরে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।