১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান

খোলা থাকবে ছুটি শুরু হওয়ার আগের দুই শনিবার।

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান
কোরবানির ঈদের ছুটিতে লম্বা সময়ের জন্য নিরব হয়ে যাবে শিক্ষা প্রতিষ্ঠান। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2025, 11:54 PM

Updated : 26 Aug 2026, 12:42 PM

রোজার ঈদ ও এসএসসি পরীক্ষার পর আরেকটি লম্বা ছুটিতে যাচ্ছে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান।

কোরবানির ঈদ আর গ্রীষ্মের ছুটি মিলিয়ে জুনের প্রথম ভাগের প্রায় পুরো সময়ই বন্ধ থাকবে এসব প্রতিষ্ঠানের ফটক।

রোজা ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে প্রায় এক মাস বন্ধ থাকার পর এপ্রিলের শুরুর দিকে প্রতিষ্ঠানগুলো শিক্ষা কার্যক্রমে ফেরে। কিন্তু খোলার পরপরই শুরু হয় এসএসসি ও সমমান পরীক্ষা। এতে পাঠদানে বিঘ্ন ঘটে পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিকে ছুটি ১ জুন থেকে

গত ২৩ ডিসেম্বর জারি করা চলতি ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি অনুসারে, দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে ১ জুন থেকে। এ ছুটি চলবে একটানা ১৯ জুন পর্যন্ত। 

কলেজ বন্ধ ৩ থেকে ১২ জুন 

গত ৫ জানুয়ারি জারি করা কলেজের শিক্ষাপঞ্জি অনুসারে, সরকারি-বেসরকারি কলেজগুলোর ক্ষেত্রে ঈদুল আজহার ছুটি কিছুটা কম হবে। ৩ জুন শুরু হয়ে চলবে ১২ জুন পর্যন্ত। 

সে হিসাবে সাপ্তাহিক ছুটি বাদ দিলে এসব প্রতিষ্ঠানে ছুটি থাকছে আট দিন।

৩ জুন থেকে প্রাইমারি স্কুল ছুটি 

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ক্ষেত্রে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি কিছুটা ভিন্ন হবে।

৩০ ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত প্রাথমিকের শিক্ষাপঞ্জি অনুযায়ী, এসব বিদ্যালয়ে ছুটি শুরু হবে আগামী ৩ জুন থেকে। চলবে ২৩ জুন পর্যন্ত। 

৩ জুন থেকে মাদ্রাসায় ছুটি 

৩০ ডিসেম্বর জারি করা মাদ্রাসার শিক্ষাপঞ্জি অনুসারে, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে ৩ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ১৪ দিন সরকারি-বেসরকারি ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসা বন্ধ থাকবে।

কারিগরিতে ছুটি শুরু ১ জুন

কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষাপঞ্জি অনুসারে, ১ জুন থেকে ১৯ জুন এসএসসি ও দাখিল ভোকেশনাল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। ৩ থেকে ১৯ জুন পর্যন্ত ছুটি থাকবে এইচএসসি ভোকেশনাল, বিএম ও বিএমটি পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। 

ছুটির আগে দুই শনিবার খোলা

ছুটি শুরুর আগে আগামী ১৭ ও ২৪ মে দুই শনিবার সব সরকারি, বেসরকারি স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এ দুই দিন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনার পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ নির্দেশনা দিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছিলেন।