১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ফুটবল, ক্রিকেটসহ সাত খেলা

ফুটবল ও ক্রিকেটের সঙ্গে দাবা, কারাতে বা ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস ও সাঁতারকে জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2026, 07:38 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে ফুটবল, ক্রিকেট, দাবাসহ সাতটি ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে বা ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস ও সাঁতারকে জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

সেখানে বলা হয়েছে, সারা দেশে শহর ও গ্রাম অঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গঠিত কমিটির প্রথম সভার সিদ্ধান্ত অনুযায়ী দেওয়া হয়েছে এ নির্দেশনা।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো. আমিনুল হকের সভাপতিত্বে গত ১৪ মার্চ এ সভা হয়।

সভায় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে বা ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস ও সাঁতারকে জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। 

ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান খেলার মাঠ সংরক্ষণ এবং আশেপাশের ছেলে মেয়েদের খেলাধুলার সুবিধার্থে প্রতিষ্ঠানের কার্যক্রম শেষে ও ছুটির দিনে উন্মুক্ত রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আলাদা আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।