Published : 28 Aug 2025, 10:13 PM
প্রশাসন ক্যাডারের ১৯২ জনসহ একযোগে বিভিন্ন ক্যাডারের ২৬৮ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে উপসচিব করেছে সরকার।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের পদোন্নতির আদেশ দেওয়া হয়।
একটি প্রজ্ঞাপনে বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ছয় কর্মকর্তাকে উপসচিব করা হয়েছে। তারা বর্তমানে বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব হিসেব কর্মরত।
অপর প্রজ্ঞাপনে উপসচিব হয়েছেন ২৬২ জন। এরমধ্যে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯২ জন, কৃষি ক্যাডারের সাতজন, আনসার ক্যাডারের চারজন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারের চারজন, সমবায় ক্যাডারের একজন, শুল্ক ও আবগারী ক্যাডারের চারজন, সাধারণ শিক্ষা ক্যাডারের ১২ জন, মৎস্য ক্যাডারের তিনজন কর্মকর্তা রয়েছেন।
একই সঙ্গে খাদ্য ক্যাডারের চারজন, তথ্য ক্যাডারের চারজন, পশুসম্পদ ক্যাডারের দুইজন, পুলিশ ক্যাডারের একজন, ডাক ক্যাডারের দুইজন, জনস্বাস্থ্য প্রকৌশল ক্যাডারের দুইজন, গণপূর্ত ক্যাডারের তিনজন, রেলওয়ে ক্যাডারের তিনজন, সড়ক ও জনপদ ক্যাডারের তিনজন, পরিসংখ্যান ক্যাডারের চারজন, কর ক্যাডারের দুইজন, টেলিযোগাযোগ ক্যাডারের চারজন এবং ট্রেড ক্যাডারের একজনকে পদোন্নতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে থাকা কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল এরইমধ্যে বদল হয়ে থাকলে তিনি বর্তমানে কর্মরত দপ্তরের নাম বা ঠিকানা দিয়ে যোগ দেওয়ার চিঠি দেবেন।
এতে বলা হয়, এ আদেশের পর পরবর্তী সময়ে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো ‘বিরূপ বা ভিন্নরূপ’ তথ্য পাওয়া গেলে ওই কর্মকর্তার ক্ষেত্রে এ আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করা হতে পারে।
উপসচিব হিসেবে পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের যোগ দেওয়ার চিঠি সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা ইমেইলে ([email protected]) পাঠানো যাবে বলে প্রজ্ঞাপনে তুলে ধরা হয়েছে।