Published : 24 Dec 2025, 10:49 PM
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার প্রবেশপত্র আগামী ২৭ ডিসেম্বর থেকে ডাউনলোড করা যাবে।
আট বিভাগে একযোগে আগামী ২ জানুয়ারি ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার এক বিজ্ঞপ্তিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলেছে, সকাল ১০টা বেলা সাড়ে ১১টা পর্যন্ত আবেদনকারীর নিজ জেলায় পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
প্রবেশপত্র ডাউনলোড
প্রার্থীদের মোবাইল নম্বরে ০১৫১১-৬৬২২৬৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের এসএমএস পাঠানো হবে।
২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে admit.dpe.gov.bd ওয়েবসাইটে ইউজার নেইম ও পাসওয়ার্ড দিয়ে অথবা এসএসসির রোল, বোর্ড ও পাসের সাল দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
অধিদপ্তর বলছে, পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে অবশ্যই ডাউনলোড করা প্রবেশপত্রের রঙিন প্রিন্ট ও জাতীয় পরিচয়পত্র (মূল এনআইডি বা স্মার্টকার্ড) সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য প্রবেশপত্রে থাকবে।
পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, কোন বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়ি জাতীয় বস্তু, ইলেকট্রনিক হাতঘড়ি বা যেকোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নেওয়া ও রাখা নিষেধ।
প্রথম ধাপে গত ৫ নভেম্বর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের স্কুলগুলোর ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর দ্বিতীয় ধাপে গত ১২ নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের স্কুলগুলোর ৪ হাজার ১৬৬টি সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়।