Published : 16 Jun 2026, 10:06 PM
মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী দীপু মনির জামিন স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত।
রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
আদেশে হাই কোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন স্থগিত থাকার কথা বলা হয়েছে বলে তুলে ধরেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।
হাই কোর্ট যখন কাউকে জামিন দেয়, তখন একটি রুলও জারি করা হয়। পরে রুল নিষ্পত্তি হলে জামিন স্থায়ী বা খারিজ হয়।
মামলার শুনানির বিস্তারিত তুলে ধরে গাজী ফয়সাল বলেন, “দীপু মনির বিরুদ্ধে থাকা মামলাগুলোর মধ্যে মোট ১৭টিতে শুনানির পর ১৫টিতে শুধু রুল এবং বাকি দুটিতে রুলসহ জামিন দেওয়া হয়েছিল। এর মধ্যে মোহাম্মদপুর থানার মুদি দোকানদার আবু সাঈদ হত্যা মামলায় হাই কোর্ট তাকে জামিন দিয়েছিল।
“তবে আপিল বিভাগের চেম্বার আদালত নির্দেশ দিয়েছেন, ওই মামলার রুলটি হাই কোর্টে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনের ওপর স্থগিতাদেশ বহাল থাকবে।"
এর আগে এদিন সকালে জুলাই আন্দোলনের সময় ঢাকার শাহবাগে ব্যবসায়ী মো. মনির এবং পল্টনে রিয়াজুল তালুকদার হত্যা মামলায়ও দীপু মনির জামিন মেলেনি।
গাজী ফয়সালের তথ্য অনুযায়ী, হত্যা, জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতার অভিযোগসহ দীপু মনির বিরুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৭০টির মত মামলা রয়েছে। এর মধ্যে মোট ৩৮টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ১৯ অগাস্ট রাজধানীর বারিধারা এলাকা থেকে দীপু মনিকে পুলিশ গ্রেপ্তার করে। প্রথমে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরবর্তীতে তাকে একাধিক মামলায় আসামি করা হয়। বর্তমানে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি।