Published : 16 Jun 2026, 05:39 PM
জুলাই আন্দোলনের সময় ঢাকার শাহবাগে ব্যবসায়ী মো. মনির এবং রিয়াজুল তালুকদার হত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী দীপু মনির জামিন মেলেনি।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে দীপু মনির জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী রাশিদা আক্তার জুঁথি।
শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে আদেশ দেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম জানান।
২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ঝুট ব্যবসায়ী মো. মনির। ওইদিন দুপুরে গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত বছরের ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা করেন।
মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় ও ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
অন্যদিকে আর ৪ অগাস্ট পল্টনের তোপখানা এলাকায় গুলিতে নিহত হন রিয়াজুল। এ ঘটনায় তার সহকর্মী বিল্লাল হোসেন ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
২০২৪ সালের ১৯ অগাস্ট রাজধানীর বারিধারা এলাকা থেকে দীপু মনিকে পুলিশ গ্রেপ্তার করে। সাবেক পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী এবং আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদকের বিরুদ্ধে জুলাই আন্দোলনের আগে ও পরে হত্যা, হত্যাচেষ্টা এবং মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগে প্রায় ৭০টি মামলা রয়েছে।