০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

রাজউকের নতুন চেয়ারম্যান রিয়াজুল

তিনি বিএনপিপন্থি প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি ছিলেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2025, 03:20 PM

Updated : 26 Aug 2026, 11:58 AM

রাজউক চেয়ারম্যান হিসেবে আগামী দুই বছরের জন্য দায়িত্ব পেয়েছেন সংস্থাটির সদস্য রিয়াজুল ইসলাম। তিনি ছিদ্দিকুর রহমান সরকারের স্থলাভিষিক্ত হবেন।

শনিবার চুক্তিভিত্তিক এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, দ্য টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট ১৯৫৩ অনুযায়ী প্রকৌশলী রিয়াজুল ইসলামকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

রিয়াজুল ইসলাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সভাপতি। গত বছরের ২৪ অক্টোবর ওই কমিটি গঠন করা হয়। এছাড়া বিএনপিপন্থি প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এইবির সভাপতিও ছিলেন। গত ৪ মার্চ ওই কমিটি বিলুপ্ত করে বিএনপি।

বর্তমান চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ছিদ্দিকুর রহমান সরকার চুক্তিভিত্তিক নিয়োগ পান ২০২৩ সালের ৮ এপ্রিল। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গত বছরের ১৯ সেপ্টেম্বর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার। দুই দিন বাদে সেই আদেশ বাতিল করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।