Published : 27 Aug 2026, 10:36 PM
দেশের সরকারি-বেসরকারি পাঁচটি বিশ্ববিদ্যালয়ে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও ইউএন উইমেনের মধ্যে চুক্তি সই হয়েছে।
বৃহস্পতিবার আগারগাঁওয়ে ইউজিসি অডিটোরিয়ামে এ চুক্তি হয়েছে বলে ইউএন উইমেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “চুক্তির আওতায় আওতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে যৌন হয়রানি ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হবে।
“অভিযোগ কমিটি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা শক্তিশালী করা, অভিযোগ গ্রহণ ও রেফারেল ব্যবস্থা উন্নত করা এবং শিক্ষার্থী ও কর্মীদের মধ্যে সচেতনতা বাড়াতে ইউএন উইমেন ও আইন ও সালিশ কেন্দ্র যৌথভাবে কাজ করবে।”
ইউজিসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কমিশনের সচিব মো. ফখরুল ইসলাম ও ইউএন উইমেনের পক্ষে বাংলাদেশ প্রতিনিধি গীতাঞ্জলি সিং।
অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বলেন, “যৌন নির্যাতনের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। দায়িত্ব পালনে কোনো বিশ্ববিদ্যালয়ের গাফিলতি প্রমাণ হলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
“ভয়, হয়রানি ও বৈষম্যের পরিবেশে প্রকৃত শিক্ষা ও উৎকর্ষ অর্জন সম্ভব নয়। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এমন জায়গা হওয়া উচিত, যেখানে শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থীরা লিঙ্গভিত্তিক সহিংসতার ভয় ছাড়াই নিজেদের স্বপ্ন পূরণ করতে, সম্ভাবনাকে বিকশিত করতে এবং মুক্তভাবে নিজেদের মেধা প্রকাশ করতে পারে।”
ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব ডেলিগেশন এবং পলিটিক্যাল, ইকোনমিক, ট্রেড, প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশনের প্রধান বাইবা জারিনাও কথা বলেন।