Published : 06 Aug 2026, 09:56 PM
রাজধানীর কলাবাগান এলাকায় ফুটপাত ক্ষতিগ্রস্ত করায় ‘নিউ রান্নাঘর রেস্টুরেন্ট’কে আড়াই লাখ টাকার বেশি জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে জরিমানার এই অর্থ করপোরেশনের তহবিলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি করপোরেশনের প্রশাসকের সরেজমিন পরিদর্শনে কলাবাগানের ৬৭ নম্বর হোল্ডিংয়ে ওই রেস্তোরাঁর সামনের ফুটপাত ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নজরে আসে।
পরে সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতির পরিমাণ নিরূপণ করে।
পরিদর্শনে দেখা যায়, রেস্তোরাঁ কর্তৃপক্ষের কার্যক্রমের কারণে সিসি টাইলসের ফুটপাতটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাতে ওই এলাকায় পথচারীদের চলাচলেও বিঘ্ন ঘটছে। তাছাড়া বিষয়টি ঢাকা মহানগরীর ‘সড়ক খনন নীতিমালা‘র পরিপন্থি।
ডিএসসিসির প্রকৌশল বিভাগের হিসাব অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফুটপাতের দৈর্ঘ্য ১৩ দশমিক ৭২ মিটার, প্রস্থ ৩ দশমিক ৬৬ মিটার এবং মোট আয়তন ৫০ দশমিক ২২ বর্গমিটার।
সে অনুযায়ী নির্ধারিত দর অনুযায়ী ক্ষতিপূরণের মূল বিল নির্ধারণ করা হয় ২ লাখ ১৮ হাজার ৭৯৫ টাকা। এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যোগ করে মোট ক্ষতিপূরণের পরিমাণ দাঁড়ায় ২ লাখ ৫১ হাজার ৫৭৩ টাকা।
আগামী ৫ কার্যদিবসের মধ্যে সিটি করপোরেশনের সড়ক খনন তহবিলে এই অর্থ জমা দিয়ে প্রমাণপত্র দাখিল করতে রেস্তোরাঁ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে ক্ষতিপূরণ পরিশোধ না করলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে ডিএসসিসি।
নগর অবকাঠামো সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের তদারকি অব্যাহত থাকবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “ডিএসসিসির ফুটপাত, সড়ক, ড্রেন ও অন্যান্য নগর অবকাঠামো জনগণের সম্পদ। ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবহেলা কিংবা অননুমোদিত কার্যক্রমের মাধ্যমে এসব সরকারি সম্পদের ক্ষতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
এদিকে, কলাবাগানের গ্রিন ল্যান্ডমার্ক টাওয়ার ও ল্যাবএইড আইকনিক ডায়াগনস্টিক ভবনের সামনের ফুটপাতে র্যাম্প, গেটওয়ে ও প্লান্টার নির্মাণের যথাযথ অনুমোদন রয়েছে কি না, তা-ও জানতে চাওয়া হয়েছে।
ভবন দুটির মালিকদের আগামী ৫ কর্মদিবসের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যাসহ প্রমাণপত্র দাখিলের নির্দেশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।