১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শিক্ষার্থীদের ঢাল বানিয়েছে জামায়াত-শিবির: প্রধানমন্ত্রী

“জামায়াত-শিবির, বিএনপি আগুন দিয়ে পোড়ানো, গণহত্যায় অভ্যস্ত, ” ইতালির রাষ্ট্রদূতকে বলেন তিনি।

শিক্ষার্থীদের ঢাল বানিয়েছে জামায়াত-শিবির: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও অ্যালেসান্দ্রো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2024, 09:51 PM

Updated : 26 Aug 2026, 10:08 AM

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে জামায়াত-শিবির তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবনে বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও অ্যালেসান্দ্রোর সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ সরকারপ্রধানের সঙ্গে এদিন সৌজন্য সাক্ষাৎ করতে আসেন অ্যালেসান্দ্রো; তাদের আলাপের বিষয় পরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. নুরএলাহি মিনা।

প্রধানমন্ত্রী বলেন, “তারা (জামায়াত-শিবির) ছাত্রদের শিল্ড হিসেবে ব্যবহার করেছে। জামায়াত-শিবির, বিএনপি আগুন দিয়ে পোড়ানো, গণহত্যায় অভ্যস্ত।”

কোটা আন্দোলনের মধ্যে বাংলাদেশ টেলিভিশন ভবনে চালানো ধ্বংসযজ্ঞসহ বিভিন্ন সহিংসতার কথা তুলে ধরেন সরকারপ্রধান। এ ছাড়া আন্দোলনের মধ্যে আহত শিক্ষার্থীদের হাসপাতালে চিকিৎসা ও দেখতে যাওয়ার কথাও বলেন তিনি।

উপ-প্রেস সচিব মিনা ব্রিফিংয়ে বলেন, “ইতালির রাষ্ট্রদূত বলেছেন, সহিংসতাকারীরা বাংলাদেশের যে আধুনিকায়নের প্রতীকগুলো আছে, সেগুলোকে তারা টার্গেট করে হামলা করেছে। জনগণের সম্পদ ধ্বংস ও জীবনহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি।”

সাম্প্রতিক সহিসংতার পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি হোলি আর্টিজানের ঘটনার পর বাংলাদেশ সরকারের সন্ত্রাসবাদ দমনের পদক্ষেপের প্রশংসা করেন ইতালির রাষ্ট্রদূত।

বিভিন্ন বিক্ষোভ সামাল দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশকে প্রশিক্ষণ দিতে ইতালি আগ্রহী বলে জানান মিনা।

আন্তোনিও অ্যালেসান্দ্রোকে উদ্ধৃত করে উপ-প্রেস সচিব জানান, বিক্ষোভের পরিস্থিতির ক্ষেত্রে ইতালির পুলিশের যথেষ্ট অভিজ্ঞতা আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইতালির পুলিশ ধাপে ধাপে এ অজ্ঞিতা অর্জন করেছে। এ বিষয়ে তারা বাংলাদেশ পুলিশকে প্রশিক্ষণ দিতে চায়।

এ প্রস্তাবে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন জানিয়ে মিনা বলেন, “উনি বলেছেন যে, এটা ভালো প্রস্তাব। আমরা সামনের দিনগুলোতে এটা কীভাবে করা যায়, সে বিষয়ে অবশ্যই কথা বলব।”

সাক্ষাতে বাংলাদেশ পুলিশের সক্ষমতার বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের সঙ্গে ইতালির সম্পর্ক ‘ঐতিহাসিক ও চমৎকার বন্ধুত্বপূর্ণ’ মন্তব্য করে রাষ্ট্রদূত আন্তোনিও অ্যালেসান্দ্রো বলেন, “দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ইতালিতে যে ২ লাখের মত প্রবাসী আছে, তারা একটা ব্রিজ (সেতুবন্ধন)। তারা উভয় দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে।”

দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে বিশেষ করে জ্বালানি, এসএমই, স্পেস টেকনোলজি ও জাহাজ নির্মাণ খাতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ইতালির রাষ্ট্রদূত। বাংলাদেশ থেকে ইতালিতে বৈধ অভিবাসনের ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া সাক্ষাতে উপস্থিত ছিলেন।