Published : 27 Aug 2024, 11:27 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ব্যবসায়ী হত্যার মামলায় গ্রেপ্তার জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে ৭ দিন রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
পুলিশের রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আলী হায়দার মঙ্গলবার রিমান্ড মঞ্জুর করেন।
সাবেক তথ্যমন্ত্রী ইনুকে সোমবার ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মঙ্গলবার ইনুকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোরাদ খান। শুনানি শেষে বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ইনুকে আদালতে আনার আগে হাতে ও পকেটে ডিম নিয়ে বিক্ষোভ করেন বিএনপিপন্থি আইনজীবীরা।
গত ১৯ জুলাই বিকাল ৫টায় নিউ মার্কেটের ১ নম্বর গেইটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ।
ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। নিহত ব্যবসায়ীর ভাগ্নী জামাই আব্দুর রহমান বাদী হয়ে গত ২১ অগাস্ট মামলাটি দায়ের করেন।
হাসানুল হক ইনু ২০১৪-২০১৯ মেয়াদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করেও তিনি হেরে যান।
পুরনো খবর