২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

এবার জাসদ সভাপতি ইনু গ্রেপ্তার

“নিউ মার্কেট থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় উনাকে গ্রেপ্তার দেখানো হবে।”

এবার জাসদ সভাপতি ইনু গ্রেপ্তার
হাসানুল হক ইনু

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2024, 09:34 PM

Updated : 26 Aug 2026, 10:20 AM

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতাদের মধ্যে এবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করার কথা জানাল পুলিশ। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেন বলেন, সোমবার রাজধানীর উত্তরা থেকে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করেছেন তারা। 

“নিউ মার্কেট থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় উনাকে গ্রেপ্তার দেখানো হবে।”

এর আগে গত বৃহস্পতিবার ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। 

পরে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে হত্যার অভিযোগে ঢাকার নিউ মার্কেট থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। 

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্যের’ অভিযোগে গত ২২ অগাস্ট ঢাকার আদালতে আরেকটি মামলা হয়, সেখানে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের পাশাপাশি জাসদ সভাপতি ইনুকেও আসামি করা হয়। 

বিচারপতি মানিককে শুক্রবার রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করার কথা জানায় বিজিবি। 

হাসানুল হক ইনু ২০১৪-২০১৯ মেয়াদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করেও তিনি হেরে যান।

এদিকে সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে হাসানুল হক ইনুর নিরাপত্তা ও আত্মপক্ষ সমর্থনের আইনি অধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাসদ।

দলটির দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “সোমবার দুপুরে জাসদ সভাপতি হাসানুল হক ইনু উত্তরায় তার এক আত্মীয়ের বাসায় গেলে বিকালে সেখান থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যায়।”

এতে অভিযোগ করা হয়, সম্প্রতি প্রাথমিক তদন্ত ছাড়াই ঢালাওভাবে দায়ের করা কয়েকটা হত্যা মামলায় ইনুর নাম যুক্ত করা হয়েছে।

দলের কেন্দ্রীয় কমিটি পুলিশ হেফাজতে দলের সভাপতির নিরাপত্তা নিশ্চিত করা এবং তাকে দ্রুত আদালতে হাজির করার আহ্বানও জানিয়েছে।

পুরনো খবর:

জিয়াকে নিয়ে মন্তব্যমেনন-ইনু-মানিকের বিরুদ্ধে মামলা

বিচারপতি মানিক সিলেট সীমান্তে গ্রেপ্তার

এবার গ্রেপ্তার রাশেদ খান মেনন