কলেজছাত্র হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে হাজী সেলিম
রোববার মধ্যরাতে হাজী সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ।
কোটা সংস্কার আন্দোলনের সময় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
ঢাকার মহানগর হাকিম মো. আক্তারুজ্জামান সোমবার রিমান্ডের এই আদেশ দেন।
এদিন হাজী সেলিমের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা লাববাগ থানার এসআই আক্কাস মিয়া।
শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন বিচারক।
এর আগে রোববার মধ্যরাতে হাজী সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৮ জুলাই সন্ধ্যা ৬টায় আজিমপুর সরকারি আবাসিক এলাকায় ২০ তলা ভবনের ৭ নম্বর ভবনের পাশে রাস্তার উপরে বৈষম্যবিরোধী ছাত্রজনতার শান্তিপূর্ণ মিছিলে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, রাবার বুলেট ও গুলিবর্ষণে ইফতি, জুবায়ের, তানভীর, ইসমাইলসহ অনেক নিরস্ত্র ছাত্রজনতা আহত হয়।
তাদের মধ্যে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ বুকে-পেটে গুলিবিদ্ধ হন।
“ঘটনাস্থলে উপস্থিত ছাত্র-জনতা ও সাক্ষীগণ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খালিদ হাসান সাইফুল্লাহকে মৃত ঘোষণা করেন,” বলা হয়েছে মামলায়।
