Published : 23 May 2026, 02:17 PM
দেশীয় প্রযুক্তিতে তৈরি বৈদ্যুতিক গাড়ি (ইভি) চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকালে তেজগাঁও কার্যালয়ে তিনি দুটি ইভি চালিয়ে দেখেন বলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব হাসান শিপলু।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর দেশীয় প্রযুক্তির তৈরি একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি) কার ও একটি কভার্ড ভ্যান নিজে চালিয়ে দেখেন।
“মাননীয় প্রধানমন্ত্রী গাড়ি দুটি নিজে ডাইভ করে নির্মাতাদের প্রশংসা করেছেন এবং বলেছেন যে, সরকারের তরফ থেকে কোনো সহযোগিতার প্রয়োজন হলে সেটা সরকার করবে।”
এদিন সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৈরি দুটি এসইউভি, একটি কভার্ড ভ্যান, একটি ট্রাক, একটি অটোরিকশা ও দুটি মোটরসাইকেল আনা হয়। প্রধানমন্ত্রী গাড়িগুলো ঘুরে ঘুরে দেখেন।

নির্মাতা প্রতিষ্ঠানের তরফে প্রধানমন্ত্রীকে জানানো হয়, তারাই প্রথম দেশে ইভি গাড়ি তৈরি করছেন। এসব বাহনের বিদ্যুৎ খরচ তুলনামূলক কম।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শিপুল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন, সব ধরনের মান ও নিরাপত্তা নিশ্চিত করে যদি ইভি গাড়ি উৎপাদন করা যায় এবং এর মাধ্যমে দেশ উপকৃত হয়, তাহলে সরকার সহযোগিতা করবে।”
প্রধানমন্ত্রী প্রথমে একটি এসইউভি কার ড্রাইভ করেন। এ সময় নির্মাতা প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি প্রধানমন্ত্রীর পাশের সিটে বসে তাকে গাড়িটির বিভিন্ন প্রযুক্তিগত দিক তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রী একটি কভার্ড ভ্যানও চালিয়ে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুল ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম।
নির্মাতাদের তথ্য অনুযায়ী, তাদের এসইউভি গাড়ি একবার চার্জে ৪৫০ কিলোমিটারের বেশি চলতে পারে। স্বাভাবিক চার্জে ব্যাটারি পূর্ণ হতে সময় লাগে ৫ থেকে ৬ ঘণ্টা, আর ফাস্ট চার্জিংয়ে লাগে আধা ঘণ্টা।
অন্যদিকে ট্রাক ও কভার্ড ভ্যান একবার চার্জে প্রায় ২০০ কিলোমিটার চলতে সক্ষম। এসব গাড়ির ব্যাটারি পূর্ণ চার্জ হতে সাধারণভাবে প্রায় ৬ ঘণ্টা এবং দ্রুত চার্জে প্রায় ৪০ মিনিট সময় লাগে।

গাড়ি পরিদর্শনের পরে নির্মাতা প্রতিষ্ঠান ‘বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ এর চেয়ারম্যান এ মান্নান হোসেন খান ও ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবিরকে নিয়ে প্রধানমন্ত্রীর তার নিজ দপ্তরে যান। সেখানে ইভি গাড়ির বাজারজাতকরণ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকের পরে নির্মাতা প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ মান্নান হোসেন খান বলেন, “গাড়িগুলো দেশীয় প্রযুক্তিতে তৈরি হলেও কিছু কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়।
“এসব কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা পেলে আরও কম খরচে গাড়ি বাজারবাজাত করা সম্ভব হবে।”