Published : 02 Jun 2026, 09:58 PM
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে কেরাণীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-টিটিসির নাম পরিবর্তনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর নির্দেশনাসহ প্রস্তাবটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রী তার নির্দেশনায় বলেছেন, বিদ্যমান প্রতিষ্ঠানের নাম পরিবর্তন না করে প্রয়োজনে নতুন প্রতিষ্ঠানের নামকরণ করা যেতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডট্কমকে বলেন, “প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সারসংক্ষেপ পাঠায়, যেখানে কেরাণীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে ‘বেগম খালেদা জিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কেরানীগঞ্জ’ করার অনুমোদন চাওয়া হয়েছিল।
“তবে প্রধানমন্ত্রী প্রস্তাবটি অনুমোদন করেননি বরং তিনি একটি নীতিগত নির্দেশনা দিয়ে বলেছেন, প্রয়োজনে নতুন প্রতিষ্ঠানের নামকরণ করুন, পুরাতন নয়।”
কেরানীগঞ্জ টিটিসি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো পরিচালিত প্রতিষ্ঠান। যুবকদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনসম্পদ তৈরি করাই প্রতিষ্ঠানটির লক্ষ্য।
সংসদ নির্বাচনের আড়াই মাস আগে গেল ৩০ ডিসেম্বর বাংলাদেশের রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গেল ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।