১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রশাসনে রদবদল, জনপ্রশাসনসহ চার দপ্তরে নতুন সচিব

তিনজন অতিরিক্ত সচিব পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন।

প্রশাসনে রদবদল, জনপ্রশাসনসহ চার দপ্তরে নতুন সচিব
মো. কামরুজ্জামান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2026, 06:51 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

প্রশাসনে বড় রদবদলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কামরুজ্জামান চৌধুরী, যিনি স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। 

এতদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করা মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। চুক্তির মেয়াদ বাড়ানোর ১৫ দিনের মাথায় তার পদ বদলে দেওয়া হল।  

এছাড়া তিনজন অতিরিক্ত সচিব পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন, তাদের দুই মন্ত্রণালেয়ের তিন দপ্তরে দায়িত্ব দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার আলাদা প্রজ্ঞাপনে এসব পদোন্নতি ও বদলির আদেশ জারি করে। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এন এম বজলুর রশীদকে পদোন্নতি দিয়ে স্বাস্থ্যসেবা বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে সচিব পদে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব করা হয়েছে। 

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগম পদোন্নতি পেয়ে সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হয়েছেন। 

আর সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

নতুন জনপ্রশাসন সচিব চলতি বছরের ৩ মার্চ চুক্তিতে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব পদে দায়িত্ব পান। ছয় মাসের মাথায় তাকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। 

আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদায়ী সিনিয়র সচিব মো. এহছানুল হক চব্বিশের পট পরিবর্তনের পর ২০২৪ সালের ১৭ অগাস্ট চুক্তিতে দুই বছরের জন্য সচিবের দায়িত্ব দিয়েছিল।

সে সময় অবসরপ্রাপ্ত পাঁচজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব পদে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তাদের মধ্যে এহছানুল হক ছিলেন।

প্রথমে তাকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব করা হয়েছিল। গত বছরের ১২ অক্টোবর তাকে সিনিয়র সচিব করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। এবার তাকে পরিকল্পনা কমিশনে পাঠানো হল।