১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চুরি করতে গিয়ে গাড়িসহ সরকারি চালক গ্রেপ্তার

তারা উত্তর শাহজাহানপুরের একটি দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন মালামাল চুরি করে গাড়িতে রাখে, বলেন ওসি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2025, 04:06 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

গাড়ি নিয়ে চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে রেল মন্ত্রণালয়ে কর্মরত   এক চালক।

সোমবার ভোরে মোস্তাফিজুর রহমান টিপু (৩৮) নামে ওই সরকারি চাকুরিরত গাড়ি চালককে ঢাকার শাহজাহানপুর থানা পুলিশ গ্রেপ্তার করে।

শাহজাহানপুর থানার ওসি সুজিত কুমার সাহা বলেন, বর্তমানে রেল মন্ত্রণালয়ে সংযুক্ত গাড়ি চালক টিপুকে ভোরে উত্তর শাহজাহানপুরের মানিক স্টোর নামের একটি দোকানের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

রেল মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি মাইক্রোবাসসহ তাকে গ্রেপ্তার করা হয় জানিয়ে তিনি বলেন, এসময় তার সঙ্গে থাকা দুইজন পালিয়ে যায়। তারা ওই দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন মালামাল চুরি করে গাড়িতে রাখে। ওসি বলেন, সেখানে দায়িত্বরত টহল পুলিশের সন্দেহ হলে চ্যালেঞ্জ করার সঙ্গে সঙ্গে দুইজন দৌড়ে পালিয়ে গেলেও টিপু তার গাড়ি নিয়ে পালাতে পারেননি।

“সরকারি কাজে ব্যবহার করা ওই মাইক্রোবাস থেকে প্লাস, বেশ কিছু চাবি, স্ক্রু ড্রাইভারসহ দোকান থেকে চোরাই মালামাল পাওয়া যায়।”

ওই পুলিশ কর্মকর্তা বলেন, টিপু পালিয়ে যাওয়া যাদের নাম বলেছে খোঁজ নিয়ে জানা গেছে তাদের বিরুদ্ধে এর আগে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে।

ওসির ধারণা টিপু নিয়মিত তার সহযোগীদের নিয়ে চুরি করে থাকে। এতাদিন কোনো কারণে সে ধরা পড়েনি।

পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।