Published : 08 May 2026, 07:29 PM
ঢাকায় গণভবন এলাকায় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের সদস্যদের ঝটিকা মিছিল থেকে একজনকে আটকের তথ্য দিয়েছে পুলশ।
খোকন কাজী নামে ৪০ বছর বয়সী আটক ওই ব্যক্তি যুবলীগের সদস্য বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন।
শুক্রবার বেলা সোয়া ২টার দিকে গণভবন ক্রসিংয়ের পশ্চিম পাশের সড়কে ২০-২৫ জনের অংশগ্রহণে মিছিলটি হয়।
ওসি বলেন, “আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২০-২৫ জন মিলে এক মিনিটের ঝটিকা মিছিলটি ইকবাল রোডের দিকে আসার সময় পুলিশের টহল টিম তাদেরকে বাধা দেয়।
“এ সময় মিছিল থেকে একজন মিছিলকারীকে আটক করা হয়। বাকিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।”
খোকন কাজীকে একটি ব্যানারসহ আটক করা হয়েছে, যেখানে মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবের ছবি ছিল।
ওসি বলেন, “এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, আটক ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ২০২৪ সালের ৫ অগাস্ট দেশে ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
জাতীয় সংসদের উত্তর কোণে শেরেবাংলা নগরের প্রাসাদোপম গণভবন নামের বাড়িটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন ছিল। মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়।

অভ্যুত্থানের তিন দিন বাদে অন্তর্বর্তী সরকার গঠনের পর একে একে গ্রেপ্তার হন কয়েকজন সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী। এছাড়া আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা ও সংসদ সদস্যদের কয়েকজন গ্রেপ্তার হন।
আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকা অন্যদলগুলোর কয়েকজন নেতাকেও গ্রেপ্তার করা হয়।
দলের বাকি শীর্ষস্থানীয় নেতাদের অধিকাংশই রয়েছেন আত্মগোপনে। কেউ কেউ চলে গেছেন বিদেশে।
আন্দোলন দমানোর চেষ্টায় দমন-পীড়ন ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কয়েকজন নেতার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং তার সহয়োগী ও অঙ্গ সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে মাঝেমধ্যে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কর্মীদের ঝটিকা মিছিলের খবর আসে। এসব মিছিল থেকে কখনো ধরপাকড়ও করার কথা জানায় পুলিশ।