হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১৫
সারাদেশে এ পর্যন্ত ৫ হাজার ১৪৬ শিশুর হাম শনাক্ত হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১১৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ২৩১ জন মারা গেছে।
এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১০৬ শিশু মারা গেছে ঢাকা বিভাগে। আর ৭০ জনের মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭০ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে; তাদের মধ্যে ৯৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আর গত একদিনে হাম শনাক্ত হয়েছে ১১৫ জনের। সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৭৩ জন।
এ সময়ে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৭০ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ১৪ জন ভর্তি হয়েছে রংপুরে।
সারা দেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৩০১। তাদের মধ্যে ৫ হাজার ১৪৬ জনের হাম শনাক্ত হয়েছে।
