ইসির সংলাপ তালিকায় পরিবর্তন, সোমবার জাকের পার্টি, পরে জামায়াত
সেক্ষেত্রে জামায়াতে ইসলামীর সংলাপ সূচি আলোচনা করে পরবর্তীতে নির্ধারণ করা হবে, বলেছে ইসি।
নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপের তৃতীয় দিনে রাজনৈতিক দলগুলোর তালিকায় পরিবর্তন আনা হয়েছে।
রোববার নির্বাচন কমিশন-ইসির জনসংযোগ পরিচালক মো. আশাদুল হক এ তথ্য দিয়েছেন।
সোমবার সকাল ও বিকালের পর্বে জামায়াতসহ ১২টি দলকে আমন্ত্রণের কথা বলেছিল ইসি।
কিন্তু আগের দিন এ তালিকায় জাকের পার্টিকে যুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে জামায়াতে ইসলামীর সংলাপ সূচি আলোচনা করে পরবর্তীতে নির্ধারণ করা হবে বলেছেন ইসির এই কর্মকর্তা।
ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, “ইসির সংলাপের আমন্ত্রণ পাওয়ার পর জামায়াতের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, বিলম্বে তারা ইসির চিঠি পেয়েছে, প্রস্তুতির সুবিধার্থে পরে সংলাপের সময়সূচি ঠিক করার অনুরোধ করা হয়েছে।”
ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে বৃহস্পতিবার দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু করে নির্বাচন কমিশন।
এদিন সকাল ও বিকালে দুই পর্বে ১২টি, রোববার একইভাবে আরও ১২টি দলের সঙ্গে বসেছে ইসি।
সোমবার সকালে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসবে ছয়টি দল। সেগুলো হল-বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল।
বিকালে জাকের পার্টি, আমার বাংলাদেশ পার্টি বা এবি পাটি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার প্রতিনিধিদের সঙ্গে সংলাপ রয়েছে।
আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল সাড়ে ১০টায় শুরু হবে সংলাপের প্রথম ভাগ, যা চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত।
অর্ধশতাধিক নিবন্ধিত দলকে ধাপে ধাপে সংলাপে ডাকছে ইসি।
আগের খবর:
