১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আরও ১২ দলের সঙ্গে রোববার বসছে ইসি

অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে ইসি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করছে।

আরও ১২ দলের সঙ্গে রোববার বসছে ইসি
নির্বাচন ভবন। ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2025, 09:46 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের দ্বিতীয় দিন আগামী রোববার আরও ১২টি দলের বসবে।

বৃহস্পতিবার সংলাপের প্রথম দিনে ১২টি দলের সঙ্গে দুই পর্বে মতবিনিময় শেষ করে পরবর্তী দিনের সময়সূচি ও দলের তালিকা জানানো হয়েছে।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বলেন, রোববার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি ও বাংলাদেশ জাতীয় পার্টির সংলাপ রয়েছে।

এদিন বিকেলে ২টা থেকে ৪টা পর্যন্ত ইসি বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে মতবিনিময় করবে।

এদিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট এক দিনে একসঙ্গে আয়োজনের ঘোষণা দিয়েছেন।

এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোটের লক্ষ্যে অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করছে।

বর্তমানে ইসিতে নিবন্ধিত দল রয়েছে বিএনপি, জামায়াতসহ ৫৩টি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে; প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল রয়েছে।

নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আমজনগণ পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীর নিবন্ধন চূড়ান্ত করতে বিজ্ঞপ্তি হয়েছে, আপত্তি না থাকলে ১২ নভেম্বরের পর সনদ পাওয়ার কথা তাদের।

ইসি সচিব আখতার আহমেদ ইতোমধ্যে সংবাদমাধ্যমকে বলেছেন, “কাদেরকে ডাকা হবে আপনাদের ধাপে ধাপে জানানো হবে “

আগের খবর:

ইসির সংলাপে প্রথম দিন ডাক পেল যে ১২ দল

আচরণবিধি মেনে চলুন: সিইসি