ধানমন্ডি থানার সাবেক ওসি ইকরামের ফ্ল্যাট-বাড়ি জব্দ
ইকরাম ও তার স্ত্রীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
ধানমন্ডি মডেল থানার সাবেক ওসি মো. ইকরাম আলী মিয়া ও তার স্ত্রী কানিজ ফাতেমা মুক্তার নামে থাকা রাজধানীর হাজারীবাগ, গুলশান, বাড্ডা, কেরাণীগঞ্জ ও গোপালগঞ্জের একাধিক ফ্ল্যাট ও জমিসহ বাড়ি জব্দের আদেশ দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের আবেদনে (দুদক) মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
এসব সম্পদের মূল্য ৫ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার ৭২১ টাকা ধরা হয়েছে বলে দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ জানিয়েছেন।
দুদকের সহকারী পরিচালক মো. আলিয়াজ হোসেন সম্পদ জব্দের আবেদনে বলেন, ইকরাম ও তার স্ত্রী কানিজ ফাতেমার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তাদের দাখিল করা সম্পদ বিবরণী যাচাইয়ে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে। অবৈধ পন্থায় অর্জিত সম্পদ তারা অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টায় রয়েছেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানে এসব স্থাবর সম্পদ জব্দ করা প্রয়োজন।
