Published : 22 Sep 2025, 02:42 PM
প্রবাসী বাংলাদেশিদের ভোট দিতে অ্যাপে নিবন্ধন ও ভোটের প্রক্রিয়া অনুমোদনের পরই দ্রুত সংবাদমাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার নির্বাচন কমিশনের অনুমোদন পেলেই ব্যাপক প্রচারের জন্য পদ্ধতি ও প্রক্রিয়া তুলে ধরা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক।
দায়িত্ব নেওয়ার পর সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হন আমিন মল্লিক।
তিনি বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের জন্য ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) প্রজেক্ট হয়েছে।
“ওই প্রকল্পের অধীনে আমরা কিভাবে ভোট দেব, প্রবাসী ভোটাররা কিভাবে রেজিস্ট্রেশন করবে-তার একটা মোটামুটি ডিজাইন করা হয়েছে। এটা অনুমোদনের জন্য আমরা কমিশনে দিয়েছি। বিকালের মধ্যে অনুমোদন পেয়ে যাবো আশা করছি।”
অনুমোদন পেলে ‘বিকালেই জানানো হবে’ বলে জানিয়েছেন তিনি।
আমিন মল্লিক বলেন, “প্রবাসীদের ভোটপদ্ধতি কিরকম হবে, কোন পদ্ধতিতে ভোট দিতে যাচ্ছি। এ বিষয়টার ব্যাপকভাবে প্রচাররের দরকার হবে। প্রযুক্তি সম্পর্কে যত বেশি জনগণ ধারণা পাবেন, তত বেশি ক্লিয়ার হবেন। এ বিষয়ে ব্যাপকভাবে যাতে প্রচার হয় সে প্রত্যাশা আমাদের। ইসির অনুমোদনের পর পলিসিটা জানিয়ে দেব আমরা।”
কোন পদ্ধতিতে, কিভাবে বাস্তবায়ন হবে তাও জানিয়ে দেওয়া হবে বলে জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানিয়েছেন।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জনসংযোগ সহকারী পরিচালক আশাদুল হকও উপস্থিত ছিলেন।
২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হওয়ার কথা রয়েছে। এজন্য ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দেবে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
এরই মধ্যে নির্বাচনি আইন সংস্কারের জন্য পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার বিষয়টি যুক্ত করে সরকারের কাছে পাঠিয়েছে কমিশন। পোস্টাল ব্যালটের প্রচারও শুরু হয়েছে প্রবাসে।
গেল রোববার মালয়েশিয়ায় প্রবাসীদের সঙ্গে মত বিনিময়কালে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ব্যালট কোথায় যাচ্ছে, তা অনলাইনে ট্র্যাকও করতে পারবেন ভোটাররা।
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েচেন, নিবন্ধন অ্যাপের নাম ‘পোস্টাল ভোট বিডি’। গুগল প্লে স্টোর কিংবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে অ্যাপটি চালু করতে হবে।
তিনি বলেন, মূল চাবিকাঠি এনআইডি। যারা প্রবাসে রয়েছেন, তারা এনআইডি দিয়ে নিবন্ধন করবেন। অ্যাপটা এখনও চালু না হলেও কমিশন মোটামুটিভাবে নাম চূড়ান্ত করে ফেলেছে।
নিবন্ধিত হওয়ার পর প্রবাসী ভোটার কোন ঠিকানায় ব্যালট পেপার পেতে চান, সে ঠিকানা দিতে হবে অ্যাপে।
প্রধান নির্বাচন কমিশনার বৃহস্পতিবার কানাডা থেকে দেশে ফেরার পর রোববার নির্বাচন ভবনে আসেন। তিনি সকালে অনানুষ্ঠানিক বৈঠক করেন চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের সাথে।
এ বৈঠকে নতুন দল নিবন্ধন, ইসির সঙ্গে অংশীজনের সংলাপসূচি, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, পোস্টাল ব্যালটে ভোটদানের পদ্ধতি, প্রক্রিয়া সার্বিক বিষয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েচেন ইসি কর্মকর্তারা।
জানতে চাইলে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, “সংলাপ এ মাসের শেষে শুরু হতে পারে। নতুন দল নিবন্ধন সেপ্টেম্বরে শেষ করার পরিকল্পনা রয়েছে। সবকিছু আমরা আলোচনা করার পর সিদ্ধান্ত আপনাদের জানিয়ে দেওয়া হবে।”
পোস্টাল ভোটিং: অ্যাপে নিবন্ধন কীভাবে, কাজ কী ৩ খামের
প্রবাসীদের নিবন্ধনের জন্য তৈরি হচ্ছে 'পোস্টাল ভোট বিডি' অ্যাপ: ইসি সচিব