১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঈদ কাটিয়ে ঢাকার পথে মানুষ, বেড়েছে গাড়ি চলাচল

ঢাকা ছাড়ার সময় বৃষ্টি বাগড়া দিলেও ফেরারপথে সেই ভোগান্তি হয়নি; তবে গরম কিছুটা ভুগিয়েছে।

ঈদ কাটিয়ে ঢাকার পথে মানুষ, বেড়েছে গাড়ি চলাচল
ঈদের ছুটি শেষে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2026, 05:50 PM

Updated : 26 Aug 2026, 03:43 PM

কোরবানির ঈদের টানা সাত দিনের ছুটির শেষদিন রোববার ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে, যার প্রভাবে রাজধানীতে কিছুটা বেড়েছে যানবাহন চলাচলও।

এদিন ঢাকার সড়কে যেসব গণপরিবহন চলেছে, তার বেশির ভাগ ছিল বাস টার্মিনাল, লঞ্চ ঘাট ও রেলওয়ে স্টেশন কেন্দ্রিক।

ঢাকার গাবতলী, কল্যাণপুর, ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান, কমলাপুর ও মহাখালীসহ কয়েকটি এলাকা ঘুরে মূল সড়ক প্রায় ফাঁকাই দেখা গেছে।

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। 

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ।

ছুটির গেল কয়েকদিনের তুলনায় সড়কে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল কিছুটা বেড়েছে। 

গুরুত্বপূর্ণ কিছু সিগনালে স্বল্প সময়ের জন্য থামতে হলেও কোথাও যানজট দেখা যায়নি। মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ সদস্যদের প্রায় অলস সময় পার করতে দেখা গেছে।

গাবতলী-যাত্রাবাড়ী রুটে চলাচল করা ‘গাবতলী লিংক’ পরিবহনের সহকারী আনিস বলেন, “মানুষজন ফিরতাছে, গত কয়েক দিনের চাইতে যাত্রী আইজ একটু বাড়ছে। যাত্রী কম হওয়ায় কয়দিন গাড়িও অনেক কম আছিল।”

সোমবার অফিস শুরু হলে প্রায় পুরোদমেই যান চলাচল শুরু হবে বলে মনে করেন এই পরিবহন শ্রমিক।

ঈদের ছুটি শেষে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে।

ঈদের ছুটি শেষে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে।

এদিন দুপুরে রাজশাহী থেকে স্ত্রী-সন্তানদের নিয়ে ঢাকায় ফেরেন আরাফাত রহমান হীরা। কল্যাণপুরে বাস থেকে নেমে আজিমপুর যাওয়ার জন্য তিনি সিএনজি চালিত অটোরিকশা খুঁজছিলেন।

তিনি বলেন, “ছুটি শেষ, কাল থেকে অফিস। ঢাকায় ফিরতেই হতো, আজ বিকাল আর রাতে চাপ বেশি পড়বে, তাই একটু আগেভাগেই ফেরার টিকিট কেটেছিলাম।”

ঢাকা ছাড়ার সময় অনেকের ঈদযাত্রায় বৃষ্টি বাগড়া দিলেও ঢাকায় ফেরার সময় সেই ঝামেলা পোহাতে হচ্ছে না। তবে তীব্র গরমে দীর্ঘযাত্রার কারণে অনেকেই ভোগান্তির কথা বলেছেন।

এদিন ‘এসবি সুপার ডিলাক্স’ বাসে কুষ্টিয়া থেকে ঢাকায় ফেরেন আফজাল বারী। তিনি বলেন, “এসি বাসের টিকিট পাইনি। বাধ্য হয়ে নন এসি বাসেই ফিরতে হয়েছে। রাস্তাঘাটে তেমন কোনো ঝামেলা হয়নি, কিন্তু দিনের বেলা হওয়ায় গরমে কিছুটা কষ্ট হয়েছে।”

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ।

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ।

সদরঘাট থেকে গাজীপুর রুটে চলাচল করা ‘আজমেরী গ্লোরি’ পরিবহনের বাসের সহকারী তাজুল ইসলাম বলেন, সদরঘাটে ঢাকায় ফেরা মানুষের চাপ বেড়েছে।

“ঢাকার অনেক বাস যাত্রী নিয়া দূরদূরান্তে গেছে, তারা ফিরতাছে। এর বাইরে ঢাকায় লোকজনও ফিরতাছে। এজন্য রাস্তায় গাড়িও বাড়ছে। সন্ধ্যার পর আরো বাড়ব। কাল থেকে অফিস খুলব, পুরাপুরি বাসও চলব।”

এবারের কোরবানির ঈদে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ছিল। টানা সাত দিনের ছুটিতে ঢাকাজুড়ে ছিল ঈদের আমেজ। ঈদ আনন্দে ঘোরাঘুরি করা মানুষজন বাদে রাস্তাঘাট প্রায় ফাঁকাই ছিল। ছুটির শেষদিনে ঢাকায় ফেরা মানুষজনের চাপে আবারো ব্যস্ত হতে শুরু করেছে ঢাকার সড়ক।