Published : 21 May 2026, 09:07 PM
অন্তর্বর্তী সরকারের দেওয়া আশ্বাস অনুযায়ী এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন এ প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা।
বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক কল্যাণ কমিটি’ নামে একটি সংগঠনের ব্যানারে এ অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
এদিন সন্ধ্যা সাড়ে সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষকরা অবস্থান কর্মসূচিতে আছেন বলে জানিয়েছেন সংগঠনের সদস্য সচিব আব্দুল হান্নান হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অন্তর্বর্তী সরকার এবতেদায়ী মাদ্রাসাগুলোকে এমপিওভুক্ত করার যে আশ্বাস দিয়েছিল, সে আশ্বাস মতে মাদ্রাসাগুলো এমপিওভুক্ত না করা পর্যন্ত আমরা এ অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।
“সকালে কয়েকশ’ শিক্ষক অবস্থান কর্মসূচি শুরু করেছেন। রাতেও আমরা অর্ধশতাধিক শিক্ষক জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করব। দাবি আদায় না হলে আমরা ঈদ উৎসব বর্জন করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।”
ইসলামি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে যে শিক্ষাব্যবস্থা রয়েছে, সেই আলিয়া মাদ্রাসা পদ্ধতিতে পঠন-পাঠন হয় এবতেদায়ী মাদ্রাসায়। প্রাথমিক বিদ্যালয়ের সমমান এই ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের গোড়াপত্তন হয় ১৯৮৪ সালে।
মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, দেশে অনুদানভুক্ত ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রতি মাসে ৫ হাজার টাকা এবং সহকারী শিক্ষকরা ৩ হাজার টাকা করে অনুদান পেয়ে থাকেন।
এর বাইরে দেশে আরও ৫ হাজার ৯৩২টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা রয়েছে, যেগুলো সরকারি কোনো অনুদান পায় না।
শিক্ষকদের আন্দোলনের মুখে ২০২৫ সালের শুরুতে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাগুলোকে প্রথমে এমপিওভুক্ত করে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দিয়েছিল অন্তর্বর্তী সরকার।
ওই বছরের ২৫ জুন এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী, এ মাদ্রাসাগুলোর মোট ছয়টি পদ এমপিওভুক্ত হবে। এবতেদায়ী প্রধান বেতন পাবেন ১০ম গ্রেডে। আর সাধারণ, বিজ্ঞান ও আরবি বিষয়ের সহকারী শিক্ষকের বেতন হবে ১৩তম গ্রেডে।

আর ক্বারী বা নূরানী বিষয়ের সহকারী শিক্ষকরা ১৬তম গ্রেডে বেতন পাবেন।
প্রতিটি এবতেদায়ী মাদ্রাসার অফিস সহায়ক পদ সৃষ্টি করা হয়েছে, যে পদে নিয়োগপ্রাপ্তরা ২০তম গ্রেডে বেতন পাবেন।
নীতিমালা অনুসারে, মাদ্রাসাগুলোর শিক্ষক পদে বেসরকার শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএর সুপারিশের ভিত্তিতে নিয়োগ হবে। নীতিমালায় মাদ্রাসাগুলোর ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশনা রয়েছে।
দেড় হাজারের বেশি অনুদানভুক্ত স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করতে গত বছরের ৮ থেকে ১৫ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করেছিল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
গত বছরের ৩ নভেম্বর শর্তসাপেক্ষে’ অনুদানভুক্ত ১ হাজার ৮৯টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করার নীতিগত সিদ্ধান্তে অনুমোদন দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস।
তবে এ মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়নি।
এ মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করা এবং নীতিমালা অনুযায়ী শিক্ষকদের বেতনের সরকারি অংশ ছাড় করার দাবিতে লাগাতার অবস্থান শুরু করলেন শিক্ষকরা।
অবস্থান কর্মসূচিতে সংগঠনের আহ্বায়ক শামসুল আলম বলেন, “২০২৫ সালের জুলাই মাসে মাদ্রাসাগুলো এমপিওভুক্তির আবেদন নেওয়ার প্রায় ১০ মাস অতিবাহিত হওয়ার পরেও এখন পর্যন্ত একটি মাদ্রাসাও এমপিওভুক্ত করা হয়নি। এতদিন পরেও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর একজন শিক্ষকের বেতনও ছাড় করেননি। ফলে শিক্ষকরা মানবতার জীবনযাপন করছেন।
“এবতেদায়ী মাদ্রাসাগুলো বরাবরই অবহেলিত থেকেছে। সরকার ২০১৩ সালে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন অথচ একটি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ বা এমপিওভুক্ত করার কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই।”
তিনি বলেন, “অন্তবর্তীকালীন সরকার স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাগুলোকে এমপিওভুক্ত করে প্রাথমিক বিদ্যালয়ের মত জাতীয়করণের ঘোষণা দিলেও আজও তা বাস্তবায়ন হয়নি।”
অবস্থান কর্মসূচিতে অন্যদের মধ্যে রয়েছেন সংগঠনের সমন্বয়ক শেখ নজরুল ইসলাম মাহবুব, মো. গোলাম আজম, আব্দুর রহমান শাজাহান, রাকিবুল ইসলাম, এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি মো. নুরুননবী, মহাসচিব মো. শামছুল আলম।
এবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিওভুক্তির সর্বশেষ পরিস্থিতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কর্মকর্তারা কোনো মন্তব্য করতে চাননি।
জানতে চাইলে বিভাগের মাদ্রাসা অনুবিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে মন্ত্রী মহোদয় বা সচিব মহোদয় জানাতে পারবেন। আমি এ বিষয়ে মন্তব্য করার অবস্থানে নেই।”
আগের খবর:
১০৮৯ এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির সিদ্ধান্ত
এবতেদায়ী মাদ্রাসার এমপিওভুক্তির আবেদন ৮ জুলাই থেকে
এমপিওভুক্ত হচ্ছে দেড় হাজার এবতেদায়ী মাদ্রাসা, কত বেতন পাবেন শিক্ষকরা?