২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

ধর্মমন্ত্রী-এলজিআরডি প্রতিমন্ত্রীকে ‘আস্তে কথা বলতে’ বললেন ডেপুটি স্পিকার

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানা তখন ধর্মের অপব্যাখ্যা ও বিভেদমূলক ফতোয়া প্রতিরোধে জাতীয়ভাবে সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবি নিয়ে বক্তব্য দিচ্ছিলেন।

ধর্মমন্ত্রী-এলজিআরডি প্রতিমন্ত্রীকে ‘আস্তে কথা বলতে’ বললেন ডেপুটি স্পিকার
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে বৃহস্পতিবার। দ্বাদশ সংসদ নির্বাচনের এক মাস পর গত ১২ মার্চ এ অধিবেশন শুরু হয়েছিল। ছবি: পিএমও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Sep 2026, 09:11 PM

Updated : 19 Sep 2026, 02:31 PM

সংসদ কক্ষে একজন সদস্যের বক্তব্যের সময় নিজেদের মধ্যে কথা বলায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে বসে আস্তে কথা বলতে বলেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

সোমবার জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ ধারায় জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিসের ওপর বক্তব্যের সময় এ ঘটনা ঘটে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানা ধর্মের অপব্যাখ্যা ও বিভেদমূলক ফতোয়া প্রতিরোধে জাতীয়ভাবে সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবি নিয়ে বক্তব্য দিচ্ছিলেন।

এ সময় ধর্মমন্ত্রী ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নিজেদের মধ্যে কথা বলছিলেন।

বিষয়টি নজরে এলে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, “মাননীয় ধর্মমন্ত্রী এবং মাননীয় এলজিআরডি প্রতিমন্ত্রী, দয়া করে বসে কথা বলুন। আপনাদের পেছনে একজন বক্তব্য রাখছে। আস্তে আস্তে কথা বলুন, প্লিজ।”

সেলিনা সুলতানা তখনও বক্তব্য চালিয়ে গেলে তাকে কিছুক্ষণের জন্য থামতে বলেন ডেপুটি স্পিকার।

এরপর তিনি আবার বলেন, “মাননীয় ধর্মমন্ত্রী এবং এলজিআরডি প্রতিমন্ত্রী, বসে আস্তে ধীরে কথা বলুন, যেন উনার বক্তব্য আমরা শুনতে পারি।”

পরে সেলিনা সুলতানাকে উদ্দেশ করে কায়সার কামাল বলেন, “মাননীয় সদস্য, আপনার দুই মিনিট সময় এখন থেকে শুরু।”

এরপর সেলিনা সুলতানা তার বক্তব্যে বলেন, ধর্মের অপব্যাখ্যা ও বিভেদমূলক ফতোয়ার কারণে বিভিন্ন সময়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং সামাজিক সম্প্রীতি ও জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয়।

দেশের স্বীকৃত আলেম-ওলামা ও পীর-মাশায়েখদের নিয়ে একটি জাতীয় ফতোয়া বোর্ড বা সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার জন্য ধর্মমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।