Published : 06 Oct 2025, 08:32 PM
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘অপহরণ করে ১০ কোটি টাকা আদায়ের’ মামলায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সক্রিয় গোপন সংগঠন ‘গণমুক্তি ফৌজের’ সদস্য জাহাঙ্গীর কবির ওরফে লিপটনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মহানগর হাকিম মিনহাজুর রহমান এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির ইন্সপেক্টর কৃষ্ণদাস বৈরাগী বলেন, গেল ৩০ সেপ্টেম্বর এ মামলায় লিপটনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তিনি।
শুনানির জন্য ধার্য দিন সোমবার আসামির উপস্থিতিতে আদালত আবেদনের ওপর শুনানি নিয়ে আদেশ দিয়েছে।
তিনি বলেন, “থানা পুলিশ, ডিবির পর সিআইডি মামলার তদন্তভার পেয়েছে। মোহাম্মদ জসীম উদ্দিন নামে এজাহারনামীয় এক আসামি গ্রেপ্তার রয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”
গেল ৬ জুন কুষ্টিয়ার দূর্বাচারা গ্রামে অভিযান চালিয়ে লিপটনকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর একটি দল। তাকে সেখানকার কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর তাকে ঢাকার এ অপহরণ মামলায় গ্রেপ্তার করা হল।
‘বাংলাদেশ গুম পরিবার কল্যাণ ফাউন্ডেশন’ এর চেয়ারম্যান মো. বেলাল হোসেন গত ৩০ জানুয়ারি মিরপুর মডেল থানায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করে মামলাটি করেন।
অপর আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক আনোয়ার লতিফ খান, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৬ সালের ১০ অক্টোবর বেলা সাড়ে ১২টার দিকে বেলাল হোসেনেকে কল্যাণপুর বাসস্ট্যান্ডে এসবি পরিবহনের কাউন্টারের সামনে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে অপহরণ করা হয়।
তাকে মাইক্রোবাসে তুলে হাত-পা, চোখ বেঁধে মাথায় কালো জম টুপি পরিয়ে নিয়ে যাওয়ার পর আয়না ঘরে ৩১ দিন গুম করে রাখা হয়। মুক্তি পেতে ‘১০ কোটি টাকা চাঁদা দাবি করেন’ আসামিরা।
বেলাল হোসেন মুক্তিপণ দিতে অস্বীকার করলে তাকে মেরে ফেলার এবং পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয়। পরে বেলাল হোসেন ১০ কোটি টাকা দিয়ে মুক্তি পান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।