ঢাকা মেডিকেলে চিকিৎসককে মারধর, ৩ জনের কারাদণ্ড
বুধবার রাত দেড়টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগের ফটক আটকে রাখেন রোগীর স্বজনরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুর পর চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে চিকিৎসককে মারধরের ঘটনায় তিনজনের দুই মাস করে সশ্রম কারাদণ্ড হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের এই সাজা দেয় বলে পুলিশের এক বার্তায় জানানো হয়েছে।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- ইমতিয়াজ আহামেদ (২৫), শাকিব হোসেন (২৫) ও শাহরিয়ার নাজিম রবিন (২১)। তিনজনই রোগীর আত্মীয়।
বুধবার রাতে লাকি বেগম (৩৩) নামে এক রোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর মারা যান। এরপর তার চিকিৎসা অবহেলার অভিযোগ তুলে স্বজনেরা শিক্ষানবিশ চিকিৎসকের ওপর চড়াও হন।
ঘটনার প্রতিবাদে রাত দেড়টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত জরুরি বিভাগের ফটক আটকে রাখেন তারা। পরে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। ওই তিনজনকেই পরে ডিএমপির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দুই মাস করে সশ্রম কারাদণ্ড দেন।
আরও পড়ুন
