Published : 30 Jul 2025, 08:40 PM
রাজশাহী-৪ আসনের সাবেক এমপি এনামুল হকের বাগমারার ৩ কোটি ৬৭ লাখ ২৭ হাজার ২৬১ টাকার জমি জব্দের আদেশ দিয়েছে আদালত।
সেইসঙ্গে তার বিভিন্ন ব্যাংকের ১১ হিসাবে থাকা ২৫ লাখ ৩০ হাজার ১৮৭ হাজার টাকা অবরুদ্ধেরও আদেশ দেওয়া হয়েছে।
দুদকের আবেদনে বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য দিয়েছেন।
দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদনে বলেন, এনামুল হকের নামে অর্জিত স্থাবর/অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর করার সম্ভবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার নামে অর্জিত এসব সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।
এনামুল হক ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন।
আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর ঢাকার আদাবর থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দেয় র্যাব।
সরকার পতনের দিন অর্থাৎ ২০২৪ সালের ৫ অগাস্ট রাজশাহীর বাগমারায় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এনামুল হকের বিরুদ্ধে মামলায় ১৮ কোটি ৮ লাখ ২৮ হাজার ৯২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। পাশাপাশি তার ২২ ব্যাংক হিসাবে ২ হাজার ২৩৯ কোটি ১৫ লাখ ৮৬ হাজার ৬০২ টাকার ‘সন্দেহজনক’ লেনদেনের অভিযোগ তোলা হয়েছে।
তার স্ত্রী তহুরা হকের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। এজাহারে তহুরার বিরুদ্ধে ৭ কোটি ৯৫ লাখ ৭ হাজার ৮২৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তার দুটি ব্যাংক হিসাবে ৩ কোটি ৪০ লাখ ১৬ হাজার টাকার ‘অস্বাভাবিক’ লেনদেনের অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন-
রাজশাহীর সাবেক এমপি এনামুল হক গ্রেপ্তার
'অবৈধ সম্পদ': সাবেক এমপি এনামুল ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা