১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে রিফাত-ইনামুল

এখনও পূর্ণাঙ্গ কমিটি হয়নি, বলছেন নতুন সাধারণ সম্পাদক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে রিফাত-ইনামুল
রশিদুল ইসলাম, মো. ইনামুল হাসান, মুঈনুল ইসলাম ও সিনথিয়া জাহীন আয়েশা।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2025, 10:29 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি হয়েছেন রশিদুল ইসলাম (রিফাত রশিদ); সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. ইনামুল হাসান (হাসান ইমাম)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রশিদুল জাতীয় নাগরিক পার্টির যুগ্ম-সদস্য সচিবের দায়িত্বেও রয়েছেন। আর ইনামুল একই বিশ্ববিদ্যালয়ের ইসলামিক শিক্ষা বিভাগের শিক্ষার্থী। দুজনেই ২০২০-২১ শিক্ষাবর্ষের।

ঢাকার বাংলামোটরে রূপায়ণ টাওয়ারে বুধবার ভোটগ্রহণ শেষে এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ঢাকা কলেজের মুঈনুল ইসলাম। মুখপাত্র হয়েছেন বদরুন্নেসা সরকারি কলেজের শিক্ষার্থী সিনথিয়া জাহীন আয়েশা। তারা দুজনেই ২০২০-২১ শিক্ষাবর্ষের।

কমিটি ঘোষণার পর সাধারণ সম্পাদক ইনামুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের এখনও পূর্ণাঙ্গ কমিটি হয়নি।”

কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিচালনায় এর আগে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি করা হয়েছিল। সরকার পতনের পর ২০২৪ সালের ২২ অক্টোবর ঘোষিত সেই কমিটিতে আহ্বায়ক হন সমম্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেসময় আরিফ সোহেল সদস্যসচিব, আব্দুল হান্নান মাসুদ মুখ্য সংগঠক এবং উমামা ফাতেমা হয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুখপাত্র।

পরবর্তীতে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষণা করা হয়, যার নেতৃত্বে আসেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

নতুন দলে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ফলে সংগঠনটিতে তখন আহ্বায়কের দায়িত্ব পান উমামা ফাতেমা, আর সদস্য সচিব হয়েছিলেন সংগঠনে সদ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া ইনামুল হাসান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বে থেকেও নতুন দল এনসিপিতে নেই উমামা ফাতেমা।

আরও পড়ুন-

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবার হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের নির্বাহী কমিটি

এনসিপিতে কেন নেই, আবারও জানালেন উমামা

নতুন দলের নাম জাতীয় নাগরিক পার্টি, নেতৃত্বে নাহিদ-আখতার