১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

এনসিপিতে কেন নেই, আবারও জানালেন উমামা

উমামা বলেছেন, তিনি এখনও জুলাই আন্দোলনে আহত-নিহতদের নিয়ে কাজ করছেন; চালাচ্ছেন ‘এমপাওয়ারিং আওয়ার ফাইটার্স’ নামের একটি প্লাটফর্ম।

এনসিপিতে কেন নেই, আবারও জানালেন উমামা
উমামা ফাতেমা। ছবি: ফেইসবুক থেকে

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2025, 08:42 PM

Updated : 26 Aug 2026, 12:37 PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির কয়েকজনের নেতৃত্বে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে নেই ওই আন্দোলনের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা। 

তবে সহযোদ্ধাদের সঙ্গে এনসিপিতে না থাকায় অনেক জিজ্ঞাসার মুখেও পড়তে হচ্ছে তাকে। 

এমন অবস্থায় সোমবার রাতে ফেইসবুক পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেছেন উমামা।   

পোস্টে তিনি লিখিছেন, এনসিপির সঙ্গে তিনি সম্পৃক্ত নন। 

গত ২৮ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের সম্মিলনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি গঠন করা হয়। উমামা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রের পদে থেকেও এনসিপিতে যোগ দেননি।

যোগ না দেওয়ার ব্যাখ্যায় তখন উমামা বলেছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে থেকেই তিনি জুলাই আন্দোলনের স্পিরিটকে সমুন্নত রাখতে চান এবং হতাহতদের নিয়ে কাজ করতে চান।

তবে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন অনেকটাই নিষ্ক্রিয়।

এই পরিস্থিতিতে আবার ফেইসবুকে পোস্ট করার কারণ জানতে চাইলে উমামা বলেন, “সাধারণ মানুষজন আমাকে এনসিপি হিসেবে ট্রিট করে। দল নিয়ে রিভিউ দেয়। এনসিপি নেতৃত্বের সাথে দেখা করতে আমার সহযোগিতা চায়। সেটা আমার পক্ষে সম্ভব হয় না। 

“সেজন্য বিষয়টি ফেইসবুকে স্পষ্ট করলাম, যাতে করে তাদেরও সময় বাঁচে, আমারও সময় বাঁচে।”

গত রোজার মাসেও এনসিপিতে যুক্ত না থাকার বিষয়টি ফেইসবুকে পোস্ট করে জানিয়েছিলেন উমামা।

সোমবার নতুন পোস্টে তিনি লিখেছেন, “সবার উদ্দেশ্যে একটা ছোট ঘোষণা, আমি নতুন রাজনৈতিক দল এনসিপির সাথে সম্পৃক্ত নই। আমার অনেক পরিচিত ব্যক্তিবর্গ এই দলটির সাথে আছে। ব্যক্তিগতভাবে এনসিপির সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। তাই এনসিপি সংক্রান্ত পরামর্শ, সাংগঠনিক আলাপ বা প্রস্তাবনা আমার কাছে উপস্থাপন না করার অনুরোধ রইল। এতে আপনার, আমার দুইজনেরই সময় বাঁচবে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোন অবস্থায় আছে জানতে চাইলে উমামা বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে তারা এনসিপির ছায়া সংগঠন হিসাবে ফাংশন করাতে চায়। যেটা আমার জন্য একটু কঠিন।

“তবে আমি এখনও জুলাই আন্দোলনে আহত-নিহতদের নিয়ে কাজ করছি। এমপাওয়ারিং আওয়ার ফাইটার্স নামের একটি প্লাটফর্ম চালাচ্ছি।”