৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরকে গুলি করে হত্যা

তার সঙ্গে থাকা আরেকজন এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ।

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরকে গুলি করে হত্যা
বসুন্ধরা মার্কেটের পেছনে স্টার কাবারের গলিতে খুন করা হয় আজিজুর রহমান মুছাব্বিরকে

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2026, 11:59 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে।

এ সময় আবু সুফিয়ান ব্যাপারি মাসুদ নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার রাত ৮টার কিছু পরে কাজী নজরুল ইসলাম এভিনিউতে হোটেল সুপারস্টারের পাশে আহসানউল্লাহ টেকনোলজি ইনস্টিটিউটের গলিতে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাদের গুলি করে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুর রহমান বলেন, “স্টার কাবাবের পাশের ওই গলিতে দুজনকে গুলি করা হয়। তাদেরকে বিআরবি হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছেন।”

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির

আজিজুর রহমান মুছাব্বির জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদকও ছিলেন। তবে এখন তার কোনো পদ ছিল না। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বেশ কয়েকবার গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে গেছেন।

তার পরিচিত মো. শাহিন জানান, মুছাব্বিরের বাবা একসময় এফডিসিতে চাকরি করতেন, কারওয়ান বাজারে জুতার দোকানও ছিল তার।

“মুছাব্বির অনেকদিন ধরে ছাত্রদল ও বিএনপির রাজনীতিতে যুক্ত। বিগত আমলে কয়েকদিন পর পরই জেলে নিয়ে যেত। ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীও হয়েছিলেন।”

মুছাব্বিরের এক সহযোগী জানান, শরীয়তপুর সমিতির একটি অনুষ্ঠান ছিল ষ্টার রেস্টুরেন্টে। সেটা শেষ করে গলি পথ ধরে যাওয়ার সময় তাদের ওপর হামলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুছাব্বির, তেজগাঁও থানার ভ্যানশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ব্যাপারি মাসুদসহ কয়েকজন স্টার কাবাবের গলিতে ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা কয়েকজন মুছাব্বিরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। তখন মাসুদও গুলিবিদ্ধ হন।

গলির ভেতর আহমেদ ম্যানশন নামে একটি ভবনের নিরাপত্তাকর্মী সাকিবূল ইসলাম বলেন, রাত ৮টার পর ভবনের ফটকের সামনে হঠাৎ লোকজনকে ছোটাছুটি করতে দেখে তিনি ভবনের মূল ফটক আটকে দেন।

স্থানীয়রা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে বিআরবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মুছাব্বিরকে মৃত ঘোষণা করেন।

গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে নেওয়া হয় পান্থপথের বিআরবি হাসপাতালে। সেই খবরে হাসপাতালটিতে ভিড় করেন নেতাকর্মী ও অনুসারীরা।

গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে নেওয়া হয় পান্থপথের বিআরবি হাসপাতালে। সেই খবরে হাসপাতালটিতে ভিড় করেন নেতাকর্মী ও অনুসারীরা।

পরে মাসুদকে বিআরবি হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার পেটের বাঁ পাশে গুলি লেগেছে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফারুক হোসেন জানান।

তিনি বলেন, “ইতোমধ্যে তার অপারেশন হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।"

মুছাব্বিরের লাশও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানোর কথা জানিয়েছেন পুলিশের এডিসি ফজলুল করিম।

এদিকে মুছাব্বির খুন হওয়ার খবরে রাতে কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেন তার সমর্থকরা। ফলে সেখানে যান চলাচল ব্যাহত হয়।

রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনী তাদের একপাশে সরিয়ে দিলে যান চলাচল আবার স্বাভাবিক হয়।