১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মিরপুরে নকল সিগারেটের মোড়ক তৈরি, কারখানা সিলগালা

সেখানে বেনসন অ্যান্ড হেজেস, ডার্বি ও স্টারের মত ব্র্যান্ডের নকল মোড়ক তৈরির সরঞ্জাম মিলেছে, বলছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

মিরপুরে নকল সিগারেটের মোড়ক তৈরি, কারখানা সিলগালা
নকল সিগারেটের মোড়ক তৈরির সরঞ্জাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Sep 2026, 12:06 AM

Updated : 17 Sep 2026, 02:55 AM

ঢাকার মিরপুরে সিড প্রসেসিং সেন্টারের ভেতরে নকল সিগারেটের মোড়ক তৈরি করার অভিযোগে কারখানা সিলগালা করা হয়েছে।

শনিবার মিরপুর ১ নম্বরের ‘কৃষিবিদ সিড লিমিটেড-সিড প্রসেসিং সেন্টার’ অভিযান চালিয়েছেন শুল্ক গোয়েন্দারা।

সেখানে বেনসন অ্যান্ড হেজেস, ডার্বি ও স্টারের মত ব্র্যান্ডের নকল মোড়ক তৈরির সরঞ্জাম মিলেছে বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন রিজভী বলেন, “প্রতিষ্ঠানটির ভ্যাট রেজিস্ট্রেশন বা অন্য কিছু রয়েছে কিনা, সেটা খতিয়ে দেখতে হবে। এখানে অবৈধ ও নকল সিগারেট, সিগারেটের মোড়ক তৈরি হচ্ছে। এগুলোর কোনো অনুমতি নেই।

“বিশেষ করে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এবং যে সকল সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান আমাদের উল্লেখযোগ্য পরিমাণ রেভিনিউ দেয়, তাদের প্যাকিং যারা তৈরি করে, তারা অনেকটা নিজেরা উৎপাদন করেন এবং অনেক ক্ষেত্রে তাদের অথরাইজড প্রিন্টার্স রয়েছে। দীর্ঘ মেয়াদে চুক্তির মাধ্যমে তাদের সকল মোড়ক উৎপাদন করা হয়ে থাকে। কিন্তু দাপ্তরিকভাবে তথ্য সংগ্রহ করে দেখেছি, এই প্রতিষ্ঠানের সঙ্গে মোড়ক তৈরি করার কোনো চুক্তি নেই।”

‘ইউনিক টোব্যাকো’ নামে একটি ‘অবৈধ ও অনিবন্ধিত’ কোম্পানিকে নকল মোড়ক সংগ্রহ করা হত বলে সালাউদ্দিন রিজভী জানিয়েছেন।