১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সাবেক চিফ হুইপ নূর-ই-আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করবে দুদক

দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, নূর-ই-আলম চৌধুরী আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন ৫৭ কোটি ৪৯ লাখ টাকার মালিক হয়েছেন।

সাবেক চিফ হুইপ নূর-ই-আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করবে দুদক
সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন। ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2025, 04:37 PM

Updated : 26 Aug 2026, 12:20 PM

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী লিটন এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

সোমবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের মামলা অনুমোদনের বিষয়টি জানান। 

দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, নূর-ই-আলম চৌধুরী আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন ৫৭ কোটি ৪৯ লাখ টাকার মালিক হয়েছেন। 

তার ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং নিজের ৮টি ব্যাংক হিসাবে মোট ২৩২ কোটি ১১ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও পাওয়া গেছে। 

অন্যদিকে তার স্ত্রী জিনাত পারভীন চৌধুরীর ১৩ কোটি ৮১ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য মিলেছে অনুসন্ধানে। এই মামলায় নূর-ই-আলম চৌধুরীকেও আসামি করা হবে। 

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা রুজু করা হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। 

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাত বোনের ছেলে নূর-ই-আলম চৌধুরী ছিলেন গত জাতীয় সংসদের চিফ হুইপ।