Published : 02 Jul 2026, 07:09 PM
দেশে নতুন কোনো প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে সেটি ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ’ বা প্রতিবন্ধীবান্ধব কিনা তা ‘কড়াভাবে’ যাচাই করা হবে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতকরণ এবং বাস্তবায়ন কমিটির দ্বিতীয় ফলোআপ সভাশেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, “নতুন নির্মিতব্য ৫০০টি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতিবন্ধীদের যাতায়াতের জন্য র্যাম্প, লিফট এবং অন্তত একটি বিশেষ টয়লেটের ব্যবস্থা থাকতে হবে। কোনো প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে সেটি ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ’ (প্রতিবন্ধীবান্ধব) কিনা, তা কড়াভাবে যাচাই করা হবে।”
দেশে বিশেষ চাহিদা সম্পন্ন ও প্রতিবন্ধী নাগরিকদের সেবা এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসন নিশ্চিত করতে বিভিন্ন মন্ত্রণালয় সমন্বিতভাবে বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে বলে তথ্য দেন এম এ মুহিত।
তিনি বলেন, “প্রতিটি প্রতিবন্ধী নাগরিকের জন্য খোলা হবে আলাদা ফাইল, নিশ্চিত হবে দীর্ঘমেয়াদি পুনর্বাসন। হুইলচেয়ার নিয়ে সহজে ওঠা যাবে ইভি (বৈদ্যুতিক যান) বাসে। প্রতিবন্ধীবান্ধব হচ্ছে দেশের ৫০০ উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিবন্ধী শিশুদের স্কুলে ফেরাতে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণেরও পরিকল্পনা করেছে সরকার।”
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ইতোমধ্যে ঢাকার কড়াইল বস্তিতে প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে ‘শিশুস্বর্গ’ নামে একটি বিশেষ কর্মসূচি চালু করা হয়েছে। প্রধানমন্ত্রীর স্ত্রী জোবায়দা রহমান উপস্থিত থেকে সম্প্রতি এই কর্মসূচির উদ্বোধন করেন। এই কর্মসূচির মাধ্যমে কড়াইল বস্তির প্রায় ১ হাজার প্রতিবন্ধী শিশুকে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে বলেও তথ্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “আমরা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বিষয়গুলোকে কেবল চাহিদা হিসেবে দেখছি না, বরং এগুলো তাদের অধিকার। প্রতিটি মন্ত্রণালয় অন্য সাধারণ নাগরিকদের পাশাপাশি প্রতিবন্ধী নাগরিকদের অধিকার রক্ষায় কাজ করবে, যেন আমরা একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে পারি।”
অন্যদের মধ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।