১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আবেদনে দুদক বলেছে, নাহিদ ও তার স্ত্রী বিদেশে পালিয়ে যেতে পারেন। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2025, 05:22 PM

Updated : 26 Aug 2026, 11:50 AM

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। 

দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আবেদনে দুদক বলেছে, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগের অনুসন্ধান চলছে। 

“নুরুল ইসলাম নাহিদ ও তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিন দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন বলে জানা গেছে। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।”

হকি ফেডারেশনের সহ-সভাপতির দেশত্যাগেও নিষেধাজ্ঞা

এদিন দুদকের আলাদা আবেদনে বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ শিকদার, গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী সঞ্জয় হালদার ও তার স্ত্রী অনিকা ঘোষের দেশত্যাগে নিষেধাজ্ঞাও দেয় একই আদালত। 

দুদকের আবেদনে বলা হয়, আব্দুর রশিদ শিকদারের বিরুদ্ধে লুটপাট, জমি দখল ও অবৈধভাবে পদ্মা নদী থেকে বালু তোলার অভিযোগ অনুসন্ধান চলছে। তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। 

সঞ্জয় হালদার ও অনিকা ঘোষের বিষয়ে দুদক আবেদনে বলেছে, তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। তারা দেশত্যাগের চেষ্টা করছে বলে জানা গেছে।